মানবিকে এমন ধস অত্যন্ত চিন্তার বিষয়: ড. মো. দিদার চৌধুরী

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর, ২০২৬ ০০:২৭

সিলেট বোর্ডে এসএসসির ফলে বিপর্যয় নিয়ে আলোচনা

সিলেট শিক্ষা বোর্ডের আওতাধীন ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে চরম ধস নেমেছে। বিগত ৫ বছর ধরে টানা কমছে পাসের হার। একইসঙ্গে মানবিকে ভয়াবহ বিপর্যয় এবং সিলেট বিভাগের চার জেলার মধ্যে সুনামগঞ্জ সর্বনিম্নে নেমে আসায় শিক্ষা প্রশাসনে তৈরি হয়েছে উদ্বেগ।

 


সোমবার সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় মিলনায়তনে ‘সুনামগঞ্জ জেলার প্রতিষ্ঠান প্রধানগণের সাথে এসএসসি পরীক্ষা ২০২৬ এর ফলাফল পর্যালোচনা, ফলাফল বিপর্যয়ের কারণ অনুসন্ধান ও উত্তরণের উপায়’ শীর্ষক মতবিনিময় সভায় এমন উদ্বেগ প্রকাশ করেন সিলেট মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী।

 


প্রধান বক্তার উত্থাপিত প্রেজেন্টেশনে সিলেট বোর্ড ও সুনামগঞ্জ জেলার ফলাফলের নেতিবাচক চিত্র উঠে আসে। সিলেট বোর্ডে পাসের হার ২০২২ সালের ৭৮.৮২% থেকে ক্রমান্বয়ে কমে ২০২৩ সালে ৭৬.০৬%, ২০২৪ সালে ৭৩.৩৫%, ২০২৫ সালে ৬৮.৫৭% এবং ২০২৬ সালে তা নেমে এসে ঠেকেছে ৫৮.৩৩%—এ।

 


দেশের অন্যান্য বোর্ডের তুলনায় সিলেট বোর্ড পাসের হারে ৭ম এবং জিপিএ—৫ প্রাপ্তিতে ৮ম স্থানে রয়েছে। সিলেট বোর্ডে বিজ্ঞানে পাসের হার ৮০.৩২% (জিপিএ—৫ পেয়েছে ৩,৬০৮ জন) হলেও মানবিকে পাসের হার নেমে এসেছে মাত্র ৪৮.১৬%—এ, যেখানে জিপিএ—৫ পেয়েছে মাত্র ১২০ জন।

 


এছাড়াও বিভাগের চার জেলার মধ্যে সর্বনিম্ন ফলে ঠেকেছে হাওরবেষ্টিত সুনামগঞ্জ। জেলায় ১৮,২৯০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র ৯,৯৯৯ জন (৫৪.৬৭%)। পুরো জেলায় জিপিএ—৫ এসেছে মাত্র ৪১৩ টি।
বক্তব্যে ড. দিদার চৌধুরী বলেন, হাওর—বাওরের কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করে সারা বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছে সুনামগঞ্জের মানুষ। তাহলে শিক্ষায় কেন আমরা হোঁচট খাচ্ছি? মানবিকে এমন ধস অত্যন্ত চিন্তার বিষয়। সবাই ডাক্তার—ইঞ্জিনিয়ার হয়ে গেলে সমাজের ক্ষত সরানোর জন্য সমাজবিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী, অর্থনীতিবিদ বা দার্শনিক আমরা কোথা থেকে পাব?


তিনি আরও উল্লেখ করেন যে, সুনামগঞ্জের ভৌগোলিক যোগাযোগ ব্যবস্থা, সংস্কৃতি ও মানুষের চাহিদা দেশের অন্যান্য অঞ্চল থেকে সম্পূর্ণ ভিন্ন। হাওরাঞ্চলের এই বাস্তবভিত্তিক সমস্যা ও চাহিদাকে সঠিকভাবে চিহ্নিত করে সমাধান করতে পারলে শিক্ষায় দ্রুত উত্তরণ সম্ভব।


অনুষ্ঠানে সংগৃহীত শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মতামত ও সুপারিশের ভিত্তিতে একটি বিস্তারিত প্রতিবেদন তৈরি করে নীতি—নির্ধারক ও শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানানো হয়।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার