প্রকাশিত: ০১ সেপ্টেম্বর, ২০২৬ ০০:২৩
সুনামগঞ্জে এসএসসির ফল বিপর্যয়
সিলেট শিক্ষা বোর্ডের অধীনে সদ্য প্রকাশিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে সব দিক থেকেই পিছিয়ে পড়েছে হাওরবেষ্টিত জেলা সুনামগঞ্জ। জেলাজুড়ে পাশের হার মাত্র ৫৪.৬৭ শতাংশ, যা পুরো বোর্ডের গড় পাশের হার (৫৮.৩৩%) থেকেও কম। জেলার মোট ৯২ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানেই পাশের হার ৫০ শতাংশের নিচে।
সোমবার (৩১ আগস্ট) সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব তথ্য তুলে ধরেন জেলা শিক্ষা অফিসার মো. জুলফিকার হোসেন। ‘সুনামগঞ্জ জেলার প্রতিষ্ঠান প্রধানগণের সাথে এসএসসি পরীক্ষা ২০২৬ এর ফলাফল পর্যালোচনা, ফলাফল বিপর্যয়ের কারণ অনুসন্ধান ও উত্তরণের উপায়’ শীর্ষক এই সভার আয়োজন করা হয়।
জেলা শিক্ষা অফিসের পরিসংখ্যান অনুযায়ী, এ বছর জেলার ২৩৬টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ১৮,২৮৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে পাস করেছে মাত্র ৯,৯৯৯ জন। পুরো জেলায় জিপিএ—৫ পেয়েছে ৪১৩ জন শিক্ষার্থী।
উপজেলাভিত্তিক ফলাফলে জেলার মধ্যে শীর্ষস্থানে রয়েছে সুনামগঞ্জ সদর উপজেলা। এখানে পাশের হার ৬৫.৭৮ শতাংশ এবং জিপিএ—৫ পেয়েছে ১৬৩ জন। অপরদিকে সবচেয়ে বাজে ফল করেছে তাহিরপুর উপজেলা। এই উপজেলা থেকে ১,৫০০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে মাত্র ৬৫৫ জন। অর্থাৎ তাহিরপুরে পাশের হার ৪১.১৮ শতাংশ এবং জিপিএ—৫ পেয়েছে মাত্র ১১ জন।
শিক্ষা অফিসার মো. জুলফিকার হোসেন জানান, ভৌগোলিক কারণে আয়তন বড় হলেও হাওর জেলা সুনামগঞ্জে জনসংখ্যা ও শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা তুলনামূলক কম। তবে গুণগত শিক্ষার ঘাটতি কাটিয়ে উঠতে উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি জানান, জেলার ২৩৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৫০টি প্রতিষ্ঠানে পাশের হার ৪০ শতাংশের নিচে। আর ৫০ শতাংশের নিচে পাশের হার থাকা এমন ৯২ টি প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে এই পর্যালোচনা সভা।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য একটি শুভসংবাদও দেন জেলা শিক্ষা অফিসার। তিনি জানান, জেলায় জিপিএ—৫ পাওয়া ৪১৩ জন শিক্ষার্থীকে জেলা পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে। অনুষ্ঠানে প্রত্যেককে এককালীন ১০,০০০ টাকা এবং একটি করে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হবে। খুব শিগগিরই সব প্রতিষ্ঠান প্রধানকে চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হবে।
সব ধরনের প্রতিকূলতা কাটিয়ে আগামী ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় সুনামগঞ্জ জেলাকে শিক্ষায় এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন জেলা শিক্ষা অফিসার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা রহমান। সভায় জেলা শিক্ষা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন