প্রকাশিত: ০২ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:২৩
জগন্নাথপুরে কসাইখানাকে ২০ হাজার টাকা জরিমানা
জগন্নাথপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার অনুমোদন ছাড়া আঘাতপ্রাপ্ত গরু জবাই করার অপরাধে একটি কসাইখানাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদরের হাসপাতাল পয়েন্ট এলাকায় ‘মেসার্স ভাই ভাই গোস্তের দোকান’ এ এই অভিযান পরিচালিত হয়।
উপজেলার সৈয়দপুর—শাহারপাড়া ইউনিয়ন থেকে একটি আঘাতপ্রাপ্ত ও গুরুতর জখম গরু জবাই করে বিক্রির উদ্দেশ্যে হাসপাতাল পয়েন্টের কসাইখানায় আনা হয়। খবর পেয়ে উপজেলা প্রশাসন দ্রুত সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করে।
অভিযানকালে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা উপস্থিত হয়ে গরু জবাইয়ের ভিডিও ফুটেজ পর্যালোচনা ও অঙ্গ—প্রত্যঙ্গ পরীক্ষা করেন। পরীক্ষা শেষে তিনি জানান, পশুটিকে জীবিত অবস্থাতেই জবাই করা হয়েছিল এবং মাংসের মান আপাতত যথাযথ রয়েছে। তবে ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১’ অনুযায়ী অসুস্থ বা আঘাতপ্রাপ্ত পশু প্রাণিসম্পদ কর্মকর্তার পূর্ব অনুমতি ও পরীক্ষা ছাড়া জবাই করা আইনত দণ্ডনীয় অপরাধ।
অনুমতি ছাড়া বেআইনিভাবে জখমকৃত গরু জবাই করার দায়ে ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১’—এর ২৪ ধারায় ‘মেসার্স ভাই ভাই গোস্তের দোকান’—কে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অনাদায়ে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার কঠোর সতর্কবার্তা প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দিন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দিন বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও বাজারে মাংসের গুণগত মান নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এই ধরনের মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন