প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:১২
ছবি -সু.খবর
গত ১৭ বছরে অনিয়মগুলো নিয়মে পরিণত হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সময়ের গত দুই বছরে দেশে ‘মব কালচার’ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ মো. জি কে গউছ এমপি। তিনি বলেন, এই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।
সুনামগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা, উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই তাঁর প্রথম বক্তব্যে বলেছেন এই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা। এটি একটি কঠিন কাজ। কারণ দীর্ঘ ১৭ বছর আইন অমান্য করতে করতে মানুষের মধ্যে আইন না মানার একটি অভ্যাস তৈরি হয়েছে।
হুইপ বলেন, প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, কোনো ব্যক্তির অপকর্মের দায় দল বহন করবে না। একজন ব্যক্তি যত ত্যাগ বা আত্মত্যাগই করে থাকুন না কেন, তাঁর কোনো অপকর্মের দায় বিএনপি বা রাষ্ট্র বহন করবে না।
সভায় সুনামগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন উন্নয়ন কার্যক্রম এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ এবং সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।
উপজেলার খবর থেকে আরো পড়ুন