প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৪৮
দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চৌধুরীপাড়া বাজারে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় এক কীটনাশক ব্যবসায়ীকে মারধর, দোকানে হামলা, ভাঙচুর ও টাকা লুটের ঘটনা ঘটেছে। গত ১৩ সেপ্টেম্বর (রবিবার) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী কবির ভূঁইয়া বাদী হয়ে অভিযুক্ত আহাদ ভূঁইয়া ও তার ছেলে আল আমিনের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, এলাকায় মাদক বিক্রির প্রতিবাদ করায় অভিযুক্ত আহাদ ভূঁইয়া ও তার ছেলে আল আমিন দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে কবির ভূঁইয়ার কীটনাশকের দোকানে অতর্কিত হামলা চালান। এ সময় বাধা দিতে গেলে দোকানে থাকা সাবেক ইউপি সদস্য ধন মিয়া ও ব্যবসায়ী জামাল তালুকদারসহ কয়েকজন আহত হন।
হামলাকারীরা দোকানে ব্যাপক ভাঙচুর চালিয়ে একটি মোবাইল ফোনসহ প্রায় ৬০ হাজার টাকার মালামাল ক্ষতিসাধন করে এবং ক্যাশ বাক্স থেকে নগদ ৫ লাখ ৩০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। পরে স্থানীয়রা ছুটে এলে অভিযুক্তরা ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি দিয়ে সটকে পড়ে। আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, অভিযুক্তদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার ও চড়া সুদে ঋণ ব্যবসাসহ নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে, যা স্থানীয় যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।
তবে সব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত আহাদ ভূঁইয়া দাবি করেন, সেখানে কেবল সামান্য তর্কাতর্কির একপর্যায়ে হাতাহাতি হয়েছে। কোনো হামলা, ভাঙচুর বা টাকা লুটের ঘটনা ঘটেনি।
এ বিষয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন