প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৪২
‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, আমরা সবাই মিলে চেষ্টা করব, কীভাবে সুনামগঞ্জে পর্যটকদের আকৃষ্ট করা যায়। পর্যটনকেন্দ্রিক স্থানীয় সংগঠনগুলোকে কাজে লাগাতে হবে। তারা পর্যটনকেন্দ্রিক স্থাপনা ও ব্যবসা গড়ে তুলতে পারে।
তিনি বলেন, হাউসবোট অ্যাসোসিয়েশনের ওয়েবসাইট, পর্যটনকেন্দ্রিক প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট, জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরের ওয়েবসাইটে পর্যটকদের প্রয়োজনীয় সব তথ্য সহজলভ্য করার ব্যবস্থা করতে হবে। পর্যটন স্পটগুলো চিহ্নিত করে সেখানে প্রয়োজনীয় স্থাপনা ও সেবার ব্যবস্থা করার উপরও গুরুত্বারোপ করেন তিনি।
জেলা প্রশাসক আরও বলেন, সুনামগঞ্জের পর্যটন স্পটগুলোর মধ্যে শহীদ সিরাজ লেক (নীলাদ্রি লেক), টাঙ্গুয়ার হাওর, শিমুল বাগান, বারেকটিলা, ডলুরাসহ অন্যান্য দর্শনীয় স্থানের দূরত্ব, যাতায়াতের দিকনির্দেশনা ও প্রয়োজনীয় তথ্য অনলাইনে উল্লেখ থাকতে হবে এবং স্পটগুলোর দূরত্ব সহ সার্বিক তথ্য বিভিন্ন হাট—বাজারে চিহ্নিত করে দিতে হবে। এতে দেশি—বিদেশি পর্যটকরা সহজেই এসব তথ্য জানতে পারবেন এবং ভ্রমণ পরিকল্পনা করতে পারবেন।
সভায় পর্যটনকেন্দ্রিক বিভিন্ন বিষয় তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খান। এ সময় বক্তব্য দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মুহাইমিনুল হক, সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি পঙ্কজ দে সহ বিভিন্ন সংগঠন ও সংস্থার প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা পর্যটন শিল্পের বিকাশে আধুনিক প্রযুক্তি, ডিজিটাল এজেন্ডা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের গুরুত্ব ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। বিশেষ করে সুনামগঞ্জের হাওর, প্রাকৃতিক সৌন্দর্য ও দর্শনীয় স্থানগুলোকে দেশি—বিদেশি পর্যটকদের কাছে আরও আকর্ষণীয়ভাবে তুলে ধরতে তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহারের উপর গুরুত্বারোপ করা হয়।
এর আগে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে শোভাযাত্রা হয়।
উপজেলার খবর থেকে আরো পড়ুন