দুই কর্মচারীর ১ বছর করে কারাদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৫৮

বুবলি আইসক্রিম ফ্যাক্টরিতে মোবাইল কোর্ট

সুনামগঞ্জ সদর উপজেলায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে পরিচালিত মোবাইল কোর্টে ‘মেসার্স বুবলি আইসক্রিম ফ্যাক্টরি’ তে বিভিন্ন অনিয়ম ও জনস্বাস্থ্যের হানি ঘটানোর অভিযোগে প্রতিষ্ঠানটির দুই কর্মচারীকে ১ বছর করে কারাদণ্ড এবং ম্যানেজারকে ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।  

 


রবিবার সুনামগঞ্জ সদরে অবস্থিত মেসার্স বুবলি আইসক্রিম ফ্যাক্টরিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উৎপাদন কার্যক্রম পরিদর্শনকালে অননুমোদিত কৃত্রিম রঙের ব্যবহার, নিষিদ্ধ ঘনচিনির ব্যবহার, নদীর পানি ব্যবহার, অন্য প্রতিষ্ঠানের নামে লেবেলিং ব্যবহার, লেবেলে প্রয়োজনীয় পূর্ণাঙ্গ তথ্যের অভাব, উৎপাদনে মেয়াদ ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকার অনিয়ম ও অসঙ্গতিগুলো পরিলক্ষিত হয়। এসব গুরুতর অনিয়মের প্রেক্ষিতে নিরাপদ খাদ্য আইন, ২০১৩—এর ৩৩ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটির কর্মচারী জালাল উদ্দিন ও ছাদিকুর রহমান কে ১ বছর করে কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়াও প্রতিষ্ঠানের ম্যানেজার ছালিম—কে ৩ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৩ (তিন) মাসের কারাদণ্ড প্রদান করা হয়। নির্ধারিত অর্থদণ্ডের টাকা পরিশোধ না করায় ম্যানেজার ছালিমকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন অভিযানের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান।  

 

 


মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য অফিসার শরীফ উদ্দিন (বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, সুনামগঞ্জ)।  এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশ্বাস শাহরিয়া ইসলাম, সুনামগঞ্জ সদরের নিরাপদ খাদ্য পরিদর্শক কমলেন্দু তালুকদার, সুনামগঞ্জ কার্যালয়ের নমুনা সংগ্রহ সহকারী, অফিস সহায়ক ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং সুনামগঞ্জ সদর মডেল থানার একটি চৌকশ পুলিশ টিম।  

 


বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, সুনামগঞ্জ কার্যালয় জানায়, জনসাধারণের জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে খাদ্য উৎপাদন, সংরক্ষণ, পরিবেশন ও বিপণনের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত মনিটরিং ও আইনানুগ অভিযান অব্যাহত থাকবে। একই সাথে সকল খাদ্য ব্যবসায়ীকে নিরাপদ খাদ্য আইন ও সংশ্লিষ্ট বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার