প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৫৩
ধর্মপাশায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলা এবং দায়ের কোপে লিটন বর্মন নামে এক শিক্ষক গুরুতর আহত হয়েছেন। লিটন বর্মন উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের পাথারিয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। রবিবার সকাল ১০টার দিকে বিদ্যালয়ের সামনে পাথারিয়াকান্দা গ্রামের সদর আলীর ছেলে টেনু মিয়া ও তার লোকজন এ হামলা করেছে বলে স্থানীয় সংবাদকমীর্দের জানিয়েছেন আহত শিক্ষক। ওইদিন দুপুরে লিটন বর্মনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পাথারিয়াকান্দা গ্রামের দক্ষিণ দিকে লিটন বর্মনের বাবা রবি বর্মনের রেকর্ডিও জমি রয়েছে। এসব জমির পাশের খাস জমি টেনু মিয়া বন্দোবস্ত নিয়েছেন। টেনু মিয়া প্রায়ই রবি বর্মনের জমির অংশ নিজের দাবি করে দখলের চেষ্টা করেন। এ নিয়ে বছর দুয়েক সময় ধরে উভয়পক্ষের মাঝে বিরোধ চলে আসছে। রবিবার সকালে টেনু মিয়া ও তার লোকজন রবি বর্মনের জমিতে গেলে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডা এক পযার্য়ে হাতিহাতিতে রূপ নেয়। পরে টেনু মিয়া ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে বিদ্যালয়ের সামনে এসে লিটন বর্মনের ওপর হামলা করে। এতে লিটন বর্মনের মাথায় ধারালো অস্ত্রের আঘাত লেগে রক্তাক্ত জখম হয়। পরে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে দুপুর দেড়টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহত শিক্ষক লিটন বর্মন বলেন, রবিবার গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান থাকায় শিক্ষার্থী উপস্থিত কম ছিল। তাই শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের আনতে যাওয়ার জন্য বিদ্যালয় থেকে বের হতেই টেনু মিয়া ও তার লোকজন আমার ওপর হামলা করে এবং দায়ের কোপ মাথায় লাগে।
টেনু মিয়ার বক্তব্য জানতে তার ছেলে সঠিক মিয়ার মুঠোফোনে চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকায় বক্তব্য জানা যায়নি।
ধর্মপাশা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ইমাম হোসেন বলেন, ঘটনাটি শুনেছি। তবে এ ব্যাপারে কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন