প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৪৮
‘বৃক্ষ তুমি আদি প্রাণ’ স্লোগানকে সামনে রেখে বৃক্ষ রোপণ ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষ রোপণের গুরুত্ব ও পরিবেশ সচেতনতা বাড়াতে এই কর্মসূচির আয়োজন করে সুনামগঞ্জ জনউদ্যোগ।
রবিবার দুপুরে শহরের লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির শুরুতে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করা হয়। পরে বিদ্যালয়ের প্রায় দুইশ শিক্ষার্থীর মধ্যে একটি করে গাছের চারা উপহার হিসেবে বিতরণ করা হয়।
বৃক্ষ বিতরণের সময় শিক্ষার্থীদের গাছের পরিচর্যা ও সংরক্ষণের বিষয়ে উৎসাহিত করা হয়। শিক্ষার্থীদের হাতে গাছ তুলে দেওয়ার মাধ্যমে পরিবেশ রক্ষায় তাদের সম্পৃক্ত করার পাশাপাশি নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকায় বৃক্ষ রোপণে উৎসাহিত করাই ছিল এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।
.jpg)
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জনউদ্যোগ সুনামগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক সুখেন্দু সেন, কবি মুনমুন চৌধুরী, সংগঠনের সদস্য মাহবুবুল হাছান শাহীন, জাহাঙ্গীর আলম, বুরহান উদ্দিন, অ্যাড. মতিয়া চৌধুরী এবং লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল ছাত্তার।
এ সময় জনউদ্যোগের নেতৃবৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন। বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষ রোপণের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে গাছ বিতরণের এ উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ—উদ্দীপনা দেখা যায়।
কর্মসূচিতে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না, মানুষের জীবন ও প্রকৃতির সুরক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই বৃক্ষ রোপণ ও গাছের পরিচর্যায় উৎসাহিত করা প্রয়োজন।
বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের হাতে গাছ তুলে দেওয়ার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ তৈরি হবে। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানো ও পরিচর্যায় এগিয়ে এলে পরিবেশ সুরক্ষায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন। কর্মসূচির সঞ্চালনা করেন জেলা জনউদ্যোগের সদস্য সচিব সাইদুর রহমান আসাদ।
উপজেলার খবর থেকে আরো পড়ুন