‘দুই পৃথিবীর’র পর ফের এক সিনেমায় দেব-জিৎ, তবে শর্ত একটি

প্রকাশিত: ০৯ অক্টোবর, ২০২৬ ১১:২৫

পরিচালক হিসাবে টালিউড অভিনেতা দীপক অধিকারী ওরফে দেবের নতুন সফর ‘দেশু ৭’। তাই সিনেমাটি নিয়ে প্রথম থেকেই উত্তেজনা ছিল তুঙ্গে। সেই সিনেমার ট্রেলার মুক্তি পেল ‘ধূমকেতু’র আদলেই।

 

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) নজরুলমঞ্চে ভক্ত-অনুরাগীদের সমাগমে দেব প্রকাশ্যে আনলেন নিজের পরিচালিত প্রথম সিনেমা ‘দেশু ৭’। প্রযোজক ও নায়কও তিনিই। 

 

ট্রেলার মুক্তি অনুষ্ঠানে তারকাদের আগমনও নজর কাড়ল। বিশেষ করে অভিনেতা জিতের উপস্থিতি উসকে দিল নতুন এক সম্ভাবনা। দীর্ঘদিনের দূরত্ব কিংবা মনোমালিন্য ভুলে এবার নতুন এক ইতিহাসের সাক্ষী হলেন দুজনের ভক্ত-অনুরাগীরা। 

 

‘দেশু ৭’ সিনেমার ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে একই মঞ্চে দেখা যায় দুই টালিউড সুপারস্টারকে। ‘ছোটভাই’ দেবের ভালোবাসার আমন্ত্রণে সাড়া দিয়ে পাশে এসে দাঁড়ালেন দাদা জিৎ। 

 

শুধু উপস্থিতিতেই সীমাবদ্ধ থাকেননি তিনি। মঞ্চে দাঁড়িয়েই যৌথভাবে নতুন সিনেমা তৈরির এক চমকপ্রদ ঘোষণা দিয়ে দর্শকমহলে তোলপাড় ফেলে দিলেন। 

 


দেবের ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে দুই প্রিয় তারকাকে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে দেখে উপস্থিত দর্শক ও ভক্ত-অনুরাগীদের দাবি ওঠে— আবারও বড়পর্দায় একসঙ্গে দেখতে চান দেব ও জিতকে। অভিনেতা জিৎকে দেখে দর্শকদের উচ্ছ্বাস হয় দ্বিগুণ। 

 

মঞ্চ থেকে দেবও ঘোষণা দেন— ‘দেশু ৭’ সফল হলে তার পরিচালিত পরবর্তী সিনেমার নায়ক হবেন জিৎ। দেবের এই মন্তব্য শুনে সঙ্গে সঙ্গে ‘দেশু ৭’ সিনেমার নায়িকা শুভশ্রী গাঙ্গুলি বলে ওঠেন— ‘আমি তাহলে নায়িকা হব।’ 

 

 

সেই সময় দেব বলেন, নিজেকে ছেড়ে যদি কোনো নায়ককে শুভশ্রীর বিপরীতে দেখতে চান, তিনি হলেন— জিৎ। জিৎ-শুভশ্রী জুটি অবশ্য নতুন নয়। এ জুটি আগেই দর্শকদের একাধিক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। 

 

 

‘দেশু ৭’ সিনেমা প্রসঙ্গে জিৎ বলেন, তার আশা— ‘দেশু ৭’ সিনেমা সফল হবে। আর এ সিনেমাটি সফল হলে তিনি দেবের পরবর্তী পরিচালিত সিনেমায় অভিনয় করবেন। 

 

উল্লেখ্য, ‘দেশু ৭’ সিনেমার অনুষ্ঠানে দেব ও শুভশ্রী— দুজনের পরনেই ছিল কালো রঙের পোশাক। ইতোমধ্যে এ সিনেমার গানের ভিডিও প্রকাশ্যে এসেছে। এ নিয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে বেশ আলোচনা হচ্ছে। 

 

 

এ সময় অনুষ্ঠানটির মঞ্চে আরও উপস্থিত ছিলেন অপরাজিতা আঢ্য, ইধিকা পাল, কাঞ্চন মল্লিক, প্রিয়াংকা সরকার ও রজতাভ দত্ত এবং ছবির খলনায়ক অনির্বাণ ভট্টাচার্য। তবে এদিন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আসতে পারেননি বলে সামাজিক যোগাযোগমাধ্যমে দুঃখপ্রকাশ করেছেন। হাতে লেখা চিঠির মাধ্যমে দেবকে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। 

সূত্র: যুগান্তর .কম

সাহিত্য ও সংস্কৃতি থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার