প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৬ ১০:৫৪
সু.খবর ছবি
সুনামগঞ্জে উৎসবমুখর ও বর্ণিল পরিবেশে সম্পন্ন হয়েছে ‘সুনামগঞ্জ হাফ ম্যারাথন ২০২৬ (সংস্করণ-৩)’।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে ‘সুরমা রানার্স সুনামগঞ্জ’-এর আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিপুলসংখ্যক দৌড়বিদ ও ক্রীড়াপ্রেমী অংশ নেন।
সকাল ৬টায় সুনামগঞ্জ শহরের ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণ থেকে প্রতিযোগিতা শুরু হয়ে আমবাড়ী সড়কের দিকে অগ্রসর হয়। স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে সুস্থ ও ক্রীড়ামুখী জীবনযাপনে উৎসাহিত করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ ও সোয়ান গ্রুপের চেয়ারম্যান কবির উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার এবিএম জাকির হোসেন বলেন, “সুস্থ দেহ, সুস্থ মন—এ ধারণা ধারণ করেই আমাদের চলতে হবে। শরীরচর্চার মাধ্যমে শরীর ও মন দুটোই ভালো থাকে। পাশাপাশি সমাজের মানুষের মধ্যে পারস্পরিক বন্ধন তৈরি হয়। বিভিন্ন শ্রেণি-পেশা ও বয়সের মানুষ একসঙ্গে শরীরচর্চা করার মধ্যে আনন্দ রয়েছে। ম্যারাথনের মধ্যে শৃঙ্খলা ও ইতিবাচক বার্তা রয়েছে। সঙ্গত কারণেই ম্যারাথন একটি ভালো উদ্যোগ।”
প্রতিযোগিতায় ২১ কিলোমিটার দৌড়ের জেনারেল ক্যাটাগরিতে ১ ঘণ্টা ২৩ মিনিট সময় নিয়ে চ্যাম্পিয়ন হন সিলেট এলিট রানার্সের সদস্য তোফায়েল হোসেন রনি। ভেটেরান ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হন দীপক দাস।
অন্যদিকে, ১০ কিলোমিটার দৌড়ের জেনারেল ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হন হৃদয় পার্থ এবং ভেটেরান ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হন বিশ্বজিৎ দাস। এ প্রতিযোগিতায় সবচেয়ে কম বয়সী ১০ কিলোমিটার দৌড়বিদ ছিলেন মো. ইবনুল রশীদ ইনান।
আয়োজক সংগঠন সুরমা রানার্স সুনামগঞ্জের রেস ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন মো. মামুনুর রশীদ।
প্রতিযোগিতা শেষে সফলভাবে দৌড় সম্পন্ন করা অংশগ্রহণকারীদের হাতে অফিসিয়াল ফিনিশার মেডেল, সনদপত্র ও অন্যান্য উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।
সমাপনী অনুষ্ঠানে অতিথিরা এ আয়োজনের প্রশংসা করেন। তাঁরা বলেন, এ ধরনের আয়োজন শরীরচর্চায় উৎসাহ জোগানোর পাশাপাশি হাওরাঞ্চলের সৌন্দর্য, ঐতিহ্য ও সম্ভাবনাকে দেশের মানুষের সামনে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন