প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৬ ১৩:৫৬
সংগৃহীত ছবি
আজ ১৭ অক্টোবর, আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস। এ বছরের প্রতিপাদ্য ‘সবার জন্য নিরাপদ আবাসস্থল’।
উচ্চ মূল্যস্ফীতি ও মন্থর অর্থনৈতিক প্রবৃদ্ধির চাপে নিম্ন আয়ের পরিবারগুলোর জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে। আয়-ব্যয়ের হিসাব মেলাতে গিয়ে অনেক পরিবারকে খাবার, চিকিৎসা ও শিক্ষার মতো মৌলিক খাতে ব্যয় কমাতে হচ্ছে।
ফলে দেশের বিশাল সংখ্যক জনগোষ্ঠী দারিদ্র্যসীমার নিচে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। দারিদ্র্যসীমার সামান্য ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০ লাখ মানুষ অর্থনৈতিক সংকট, উচ্চ মূল্যস্ফীতি কিংবা প্রাকৃতিক দুর্যোগের ধাক্কায় আবারও দরিদ্র হয়ে পড়তে পারেন।
বিশেষজ্ঞদের মতে, মানুষকে দারিদ্র্য থেকে বের করে আনার পাশাপাশি অর্জিত জীবনমান ধরে রাখা ও সংকট মোকাবিলার সক্ষমতা বাড়ানোও জরুরি।
বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ২০১০ থেকে ২০২২ সালের মধ্যে জাতীয় উচ্চতর দারিদ্র্যসীমা অনুযায়ী দেশে দারিদ্র্যের হার ৩৭.১ শতাংশ থেকে কমে ১৮.৭ শতাংশে নেমে আসে।
একই সময়ে চরম দারিদ্র্যের হার ১২.২ শতাংশ থেকে কমে দাঁড়ায় ৫.৬ শতাংশে। এ সময়ে প্রায় আড়াই কোটি মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে আসে। তবে ২০১৬ সালের পর দারিদ্র্য কমার গতি মন্থর হয়ে পড়ে।
সংস্থাটির প্রাক্কলন অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি ছিল ৩.৪ শতাংশ। একই সময়ে গড় মূল্যস্ফীতি ছিল ৮.৭ শতাংশ।
জ্বালানি সংকট, ঋণের উচ্চ ব্যয়, ব্যাংকিং খাতের দুর্বলতা এবং বিনিয়োগ ও রপ্তানিতে মন্থরতা শিল্পকারখানার কার্যক্রম ও কর্মসংস্থান সৃষ্টিতে বাধা তৈরি করেছে।
জলবায়ু পরিবর্তনও দারিদ্র্যের ঝুঁকি বাড়াচ্ছে। ঘূর্ণিঝড়, বন্যা, নদীভাঙন, খরা ও লবণাক্ততায় ঘরবাড়ি, ফসল ও জীবিকা হারিয়ে অনেক পরিবার নতুন করে সংকটে পড়ছে। এসব এলাকায় নিরাপদ আবাসনের পাশাপাশি সুপেয় পানি, স্যানিটেশন, চিকিৎসা ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।
বিশেষজ্ঞদের মতে, দারিদ্র্য কমাতে টেকসই কর্মসংস্থান, ন্যায্য মজুরি, কৃষকের উৎপাদন খরচ কমানো এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে। পাশাপাশি দরিদ্র ও ঝুঁকিপূর্ণ মানুষের জন্য সামাজিক সুরক্ষা কর্মসূচি কার্যকর করা জরুরি।
সূত্র:কালবেলা .কম
জাতীয় থেকে আরো পড়ুন