প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৬ ২২:১৭
ছবি -সু.খবর
ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপেই সদর উপজেলাগুলোর নির্বাচন হবে এটা প্রায় নিশ্চিত। প্রথম ধাপে সদর উপজেলার সঙ্গে জেলার অন্য আরও এক—দুই প্রত্যন্ত উপজেলায় নির্বাচন করতে প্রস্তাব পাঠাবে জেলা নির্বাচন অফিস।
প্রথম ধাপের নির্বাচন আগামী বছরের (২০২৭ ইংরেজি) ২১ জানুয়ারি। সেই হিসাবে সদর উপজেলার ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচন তিন মাস পরেই।
সুনামগঞ্জ সদর উপজেলায় নয়টি ইউনিয়ন। এই ইউনিয়নগুলোর সম্ভাব্য প্রার্থীরা প্রচারণায় আর বেশি সময় পাবেন না। অবশ্য এসব ইউনিয়ন পরিষদে নির্বাচনে লড়তে আগ্রহীদের বেশিরভাগেই আরও আগেই নানাভাবে মানুষের কাছাকাছি যাবার চেষ্টা করছেন।
সুনামগঞ্জ সদর উপজেলার নয় ইউনিয়নে ৬১ জন প্রার্থী পোস্টার, বিলবোর্ড, গণসংযোগ বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে নিজের প্রার্থীতা জানান দিয়েছেন। এরমধ্যে বেশি প্রার্থী কোরবাননগর ও সুরমা ইউনিয়নে। তবে বিএনপি দলীয় সমর্থিত প্রার্থীর নাম ঘোষণা করার পর কতজন নির্বাচনী লড়াইয়ে অংশ নেবেন, সেটি পরিস্কার হয়ে যাবে। প্রার্থীর সংখ্যাও ওই সময় কমে যাবে। মাঠে এখন পর্যন্ত সক্রিয় রাজনৈতিক কর্মীদের মধ্যে বিএনপির প্রার্থী—ই বেশি।
কোরবাননগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন— আবুল কালাম, শামস উদ্দিন, সুহেল মিয়া, দেলোয়ার হোসেন স্বপন, শাহাব উদ্দিন, শাহীন মিয়া, মুজিবুর রহমান, হাফিজ কাওছার, মাওলানা এনামুল হক, কুহিনুর আলম ও আইয়ুব আলী।
মোল্লাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান নুরুল হক, শামীম আহমদ, শাহাব উদ্দিন (১), শাহাব উদ্দিন (২), মাসুক মিয়া ও আফরোজ রায়হান গণসংযোগে আছেন।
সুরমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে— খুর্শেদ মিয়া, আব্দুর রহমান, শামছুল আলম রাসেল, সাজুল মিয়া, মানিক মিয়া, তাজোয়ার আফজাল শিহাব, তাজুল ইসলাম, ফয়সাল আহমদ, অ্যাড. সিরাজুল ইসলাম, আব্দুন নূর তামিম ও ছুটুল মিয়ার নাম শোনা যাচ্ছে।
জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান রশিদ আহমদ, আমজাদ হোসেন, বাহার উদ্দিন, আলমাছ উদ্দিন শিপু, ইসমাইল হোসেন, জাহাঙ্গীর আলম, সালামত উল্লাহ্’র নাম আলোচনায় রয়েছে।
রঙ্গারচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আব্দুল হাই, আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, ডা. ইব্রাহিম মিয়ার নাম প্রচারণায় রয়েছে।
কাঠইর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান মুফতি শামছুল ইসলাম, আলী নূর, মোশাহিদ আলী, নোমান আহমদ, ফারুক মেনর এর নাম প্রচারণায় আছে।
গৌরারং ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান শওকত আলী, সাবেক চেয়ারম্যান ফুল মিয়া, অ্যাড. শহীদুল ইসলাম, সিরাজুল ইসলাম পলাশ, ডা. আব্দুল ওয়াহাব ও সাহাব উদ্দিনের নাম প্রচারণায় আছে।
মোহনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমিনুর রশিদ, মাসুক মিয়া, মোহাম্মদ আলী, আব্দুর রশিদ, অলিউর রহমান, আব্দুল কাইয়ুম, মশিউর রহমান রাসেল’এঁর নাম আলোচনায় আছে।
লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইয়াকুব বখ্ত বহলুল, আব্দুল ওয়াহাব, আব্দুল মালেক ত্বোহা, সুহেল মিয়া, আব্দুর রকিব তালুকদার ও আবু সুফিয়ানের প্রচারণা আছে।
নির্বাচনে বিএনপি দলীয় সমর্থন দেবে। জামায়াতসহ অন্যান্য দলও আলাদা আলাদা অংশ নেব। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থকরাও স্বতন্ত্র প্রার্থী হতে পারেন।
সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমদ লিলু বলেছেন, তারা এখনও দলীয়ভাবে এ নিয়ে কথা বলেন নি। তবে দুয়েক দিনের মধ্যেই সম্ভাব্য প্রার্থী তালিকা করে দলীয় দায়িত্বশীল পর্যায়ে কথা বলবেন তারা।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা শনিবার বিকালে বললেন, সুনামগঞ্জ সদর উপজেলায় প্রথম ধাপে ভোট হচ্ছে এটা প্রায় নিশ্চিত। অর্থাৎ এই নয় ইউনিয়নের ভোট ২১ জানুয়ারি। ওই সময়ে জেলার প্রত্যন্ত আরও দুয়েকটি উপজেলায় ভোট গ্রহণের জন্য কমিশনে আবেদন করার চিন্তা করছি আমরা।
তিনি মনে করেন, শেষের দিকে বৃষ্টির মওসুম চলে আসবে, তখন হাওরাঞ্চলের প্রত্যন্ত উপজেলায় ভোট গ্রহণ করতে চাইলে নানা প্রতিবন্ধকতা তৈরি হতে পারে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন