শাল্লায় প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব

প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৬ ২১:৩৩

শাল্লা উপজেলায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ বছর অন্যান্য বছরের তুলনায় উৎসবের আমেজ ছিল বেশি। আনন্দ, ভক্তি, উচ্ছ্বাস ও আবেগঘন পরিবেশে দেবী দুর্গাকে বিদায় জানিয়েছেন ভক্তরা। বুধবার উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে সুবিধাজনক সময়ে প্রতিমা বিসর্জন

 

করা হয়। কোথাও ঢাকঢোলের বাদ্য, কোথাও ধর্মীয় আচার—অনুষ্ঠান—সব মিলিয়ে উৎসবের শেষ দিনেও পূজামণ্ডপগুলোতে ছিল ভক্তদের সরব উপস্থিতি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ বছর শাল্লা উপজেলায় সর্বজনীন ও পারিবারিক মিলে মোট ৩১টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হয়েছে। এর মধ্যে ১৬টি মণ্ডপের প্রতিমা সুবিধাজনক স্থানে বিসর্জন দেওয়া হয়েছে। বাকি ১৫টি মণ্ডপের প্রতিমা স্থানীয়ভাবে পূজামণ্ডপেই রাখা হয়েছে। নির্বিঘ্নে বিসর্জন কার্যক্রম সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন পূজা উদযাপনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা।

 


উপজেলার অন্যতম সর্ব বৃহৎ পূজামণ্ডপ শাসখাই পঞ্চগ্রাম সর্বজনীন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুধীর চন্দ্র দাস বলেন, এবারের দুর্গোৎসব অত্যন্ত আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে। পূজামণ্ডপে ভক্তদের ব্যাপক উপস্থিতি ছিল। সবার সহযোগিতা ও আন্তরিকতায় সুন্দরভাবে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের দুর্গোৎসবের সমাপ্তি ঘটেছে। আমরা চাই, প্রতিবছর এভাবেই ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দে্যর মধ্য দিয়ে দুর্গোৎসব উদযাপিত হোক।

 


দেবী বিসর্জনে আসা শাল্লা উপজেলার শাসখাই গ্রামের বাসিন্দা মানবেন্দ্র দাস মানব বলেন, এবারের দুর্গোৎসব অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হয়েছে। প্রতিটি পূজামণ্ডপে ভক্তদের ব্যাপক উপস্থিতি সহ বাড়তি আনন্দ, উৎসাহ—উদ্দীপনায় ভরপুর ছিল। শান্তিপূর্ণ পরিবেশে দেবী দুর্গার বিসর্জন সম্পন্ন হওয়ায় আমরা আনন্দিত। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সবাই মিলে উৎসব উদ্যাপন করতে পেরেছি। আগামী দিনেও যেন এমন সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন, এটাই আমাদের প্রত্যাশা।

 

শাল্লা আলীনগর সর্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি প্রাণেশ দাস বলেন, দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি আনন্দ, সম্প্রীতি ও মিলনমেলারও উপলক্ষ। এবারের পূজায় ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ—উদ্দীপনা দেখা গেছে। সবার সহযোগিতায় নির্বিঘ্নে প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে। 

 


পূজা উদযাপন ফ্রন্ট শাল্লা উপজেলা শাখার সভাপতি ব্রজেশ রঞ্জন চৌধুরী বলেন, শাল্লায় এবার উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হয়েছে। পূজা উদযাপন কমিটি, স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট সবার সহযোগিতায় পূজার আনুষ্ঠানিকতা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনা ধারণ করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে।

 


শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সুহেল বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে ছিল। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা স্থাপন সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল। প্রতিমা বিসর্জনও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সব সময় তৎপর ছিল।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার