প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৬ ২১:৫৭
বাংলাদেশের অনূর্ধ্ব—১৫ জাতীয় ফুটবল দলের হয়ে খেলতে আজারবাইজানে গিয়েছেন হাওর অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার উদীয়মান ফুটবলার রাজু আহমদ ভূঁইয়া। বুধবার সকালে ‘ফিফা অনূর্ধ্ব—১৫ বিশ্বকাপ ও ফুটবল ফেস্টিভ্যাল ২০২৬’—এ অংশগ্রহণের উদ্দেশ্যে জাতীয় ফুটবল দলের সঙ্গে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন রাজু।
সে জগন্নাথপুর পৌরসভার ইকড়ছই (লম্বা হাটি) এলাকার গোলাম রব্বানী ভূঁইয়ার ছেলে। তিন ভাই ও দুই বোনের মধ্যে রাজু সবার ছোট। আক্রমণভাগের এ খেলোয়াড় স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
রাজু আহমদ ভূঁইয়া বলেন, ছোট বেলা থেকে স্বপ্ন ছিল জাতীয় দলে খেলার। সেই স্বপ্ন পূরণে আজ দেশের হয়ে বিদেশে খেলতে যাচ্ছি। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি যেনও আমার দেশের জন্য ভালো খেলতে পারি।
স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. সৈয়দনূর বলেন, সে যখন ক্লাস সেভেনে পড়ে; তখন আমি তার খেলা দেখি। এরপর থেকেই লেখাপড়ার পাশাপাশি তাকে খেলাধুলা চালিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেই এবং সহযোগিতা করি। তার আজকের এই অর্জনে আমরা গর্বিত। দোয়া করি সে যেনও দেশের জন্য ভালো কিছু করতে পারে।
জগন্নাথপুর উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সামিনুর রহমান বলেন, শৈশব থেকেই ফুটবলের প্রতি গভীর ভালোবাসা আর কঠোর পরিশ্রমের মাধ্যমে আজ তার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। হাওরপারের সন্তান হিসেবে আন্তর্জাতিক মঞ্চে দেশের হয়ে খেলতে যাওয়া এটি আমাদের সুনামগঞ্জবাসীর জন্য গর্বের। আমরা তার সার্বিক সাফল্য কামনা করি।
উপজেলার খবর থেকে আরো পড়ুন