প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৬ ১২:২৭
সংগৃহীত ছবি
কোজাগরী লক্ষ্মীপূজার আবহে গ্ল্যামার দুনিয়ার গণ্ডি পেরিয়ে অভিনয়ের পাশাপাশি সফলভাবে ব্যবসা সামলাচ্ছেন টালিউডের তিন জনপ্রিয় অভিনেত্রী রুকমা রায়, অহনা দত্ত ও প্রিয়াঙ্কা ভট্টাচার্য। সংসার ও অভিনয়ের ব্যস্ততার মধ্যেও নিজেদের উদ্যোগ সফল করে তোলার পেছনের গল্প তুলে ধরেছেন তারা।
টেলিভিশন নাটকের পরিচিত মুখ রুকমা রায়। তবে এই মুহূর্তে অভিনয় থেকে সাময়িক বিরতি নিয়ে নিজের শাড়ির ব্র্যান্ড চালু করেছেন তিনি। অল্প সময়ে সোশ্যাল মিডিয়ায় সেই ব্র্যান্ডের পরিচিতি তৈরি হওয়ায় বেশ খুশি এই অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি বরাবরই অন্য কিছু করার পরিকল্পনা ছিল তার। সেই ভাবনা থেকেই শাড়ির ব্যবসা শুরু করেন তিনি। বাঙালি নারীর সাজে শাড়ির গুরুত্ব সবসময় আলাদা। সেই ভালোবাসাকেই নিজের উদ্যোগের সঙ্গে জুড়ে নিয়েছেন রুকমা। নতুন ব্যবসা শুরু করে এত অল্প সময়ে এত ভালো সাড়া পাবেন, তা নিজেও ভাবেননি তিনি। কোজাগরী লক্ষ্মীপূজার আবহে নিজের ব্যবসার অভিজ্ঞতা নিয়ে তিনি জানান, তিনি লাকি যে এখনও পর্যন্ত ব্যবসার ক্ষেত্রে মা লক্ষ্মী তাকে হতাশ করেননি। তার বিশ্বাস, মা লক্ষ্মী চঞ্চলা হলেও পরিশ্রমের বিকল্প নেই। মন দিয়ে কাজ করলে সাফল্য একদিন আসবেই। তাই অভিনয় ও নিজের উদ্যোগকে সমান যত্ন নিয়ে এগিয়ে নিতে চান রুকমা। পর্দার পরিচিত মুখ থেকে উদ্যোগপতি হয়ে ওঠার এই যাত্রায় তার পথচলা কোন দিকে এগোয়, সেটাই দেখার।
পর্দার মিশকার সঙ্গে বাস্তবের অহনা দত্তের অবশ্য বিস্তর ফারাক। বাস্তব জীবনে তিনি এখন পুরোপুরি সংসারী। সংসার ও সন্তান সামলানোর পাশাপাশি অভিনয় থেকে সাময়িক বিরতি নিয়েছেন এই অভিনেত্রী। এই অবসরে নিজের নামে পোশাকের ব্র্যান্ড চালু করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি ব্যবসার ময়দানে নিজের পরিচিতি তৈরি করতে চান অহনা। এই উদ্যোগের নেপথ্যে রয়েছে তার স্বামী। ব্যবসার যাবতীয় দায়িত্ব মূলত তিনিই সামলান। অহনার ভূমিকা ক্যামেরার সামনে এসে লাইভের মাধ্যমে ক্রেতাদের সঙ্গে যোগাযোগ তৈরি করা। এ প্রসঙ্গে তিনি জানান, এই ব্যবসা পুরোটাই দেখেন তার স্বামী। তিনি শুধু ক্যামেরার সামনে লাইভ করেন। তার সাপোর্ট না থাকলে এটা সম্ভব হতো না। ব্যবসার দুনিয়ায় তার এই নতুন পথচলায় স্বামীর সহযোগিতাই অন্যতম প্রধান ভরসা। তবে উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে নিজের দায়িত্বটুকুও সমান গুরুত্ব দিয়ে পালন করছেন তিনি। কোজাগরী লক্ষ্মীপূজার আবহে অহনার বিশ্বাস, দেবী লক্ষ্মীর আরাধনার পাশাপাশি নিজের কাজের প্রতিও নিষ্ঠাবান হওয়া জরুরি। শুধু পূজা করলেই হবে না, সাফল্যের জন্য প্রয়োজন একাগ্রতা, পরিশ্রম এবং নিজের সবটুকু দিয়ে চেষ্টা করা। আপাতত সেই পরিশ্রমকে পুঁজি করেই ব্যবসার ময়দানে নিজের জায়গা পাকা করতে চান অহনা।
অভিনয়ের জগতে নানা চরিত্রে নিজেকে মেলে ধরেছেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য। তবে ক্যামেরার সামনে অভিনয়ই তার একমাত্র পরিচয় নয়। গত দেড় বছর ধরে ব্যবসার দুনিয়াতেও নিজের জায়গা তৈরি করেছেন এই অভিনেত্রী। ইতিমধ্যে দুটি গয়নার সংস্থা গড়ে তুলেছেন তিনি। কলকাতা ও শিলিগুড়িসহ একাধিক জায়গায় খুলেছেন আউটলেটও। ব্যবসায়ী পরিবারে বড় হওয়ার কারণে ছোট থেকেই ব্যবসার পরিবেশ দেখেছেন প্রিয়াঙ্কা। ফলে অভিনয়ের পাশাপাশি নিজের ব্যবসা শুরু করার ইচ্ছেটাও ছিল মনে। সেই ভাবনাকে বাস্তবে রূপ দিতে বেশি দেরি করেননি তিনি। ব্যবসার দুনিয়ায় পা রাখার বিষয়ে প্রিয়াঙ্কা জানান, তার বাবা ব্যবসায়ী। ছোট থেকে সেই পরিবেশেই মানুষ হয়েছেন তিনি। তাই মনে মনে ভেবে রেখেছিলেন, সুযোগ পেলে ব্যবসা করবেন। অভিনয় ও ব্যবসা দুই ক্ষেত্রেই সাফল্যের জন্য দুই দেবীকে কৃতিত্ব দেন তিনি। তার বিশ্বাস, মা সরস্বতীর কৃপা না থাকলে যেমন অভিনয় করা সম্ভব হতো না, তেমনই মা লক্ষ্মীর কৃপা আছে বলেই ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে। কোজাগরী লক্ষ্মীপূজার আবহে ব্যবসার ভবিষ্যৎ নিয়ে আশাবাদী এই অভিনেত্রী। দেবীর আশীর্বাদে বিশ্বাস রাখলেও তিনি জানেন, শুধু বিশ্বাসের ওপর ভর করে সাফল্য টিকিয়ে রাখা যায় না। তার ভাষ্য, মা আছেন বলেই কাজ করতে পারছেন, মা পাশেই থাকবেন। তবে লক্ষ্মী যেহেতু চঞ্চলা, তাই তাকে ধরে রাখতে হলে কাজ অবিরাম চালিয়ে যেতে হবে।
সূত্র: কালবেলা .কম
এমডি
সাহিত্য ও সংস্কৃতি থেকে আরো পড়ুন