গোলের সেঞ্চুরি করে এমবাপ্পে বললেন, ‘জয়ই ছিল গুরুত্বপূর্ণ’

প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৬ ১২:১২

সংগৃহীত ছবি 

স্প্যানিশ লা লিগায় বছরের প্রথম এল ক্লাসিকোতে বার্সোলোনাকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে রিয়ালের কাছে ২-১ গোলে ধরাশায়ী হয়েছে কাতালানরা। ম্যাচে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে।

 

 

রোববার (২৫ অক্টোবর) ম্যাচের শুরু থেকেই বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে রিয়ালকে চাপে ফেলার চেষ্টা করে বার্সেলোনা। তবে ৪১তম মিনিটে গোল করে রিয়ালকে লিড এনে দেন এমবাপ্পে।

 

 

এরপর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়ার গোলে সমতায় ফেরে কাতালানরা। তবে ম্যাচের ৮৭তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে রিয়ালের জয় নিশ্চিত করেন এমবাপ্পে। এই গোলের মাধ্যমে রিয়ালের জার্সিতে শততম গোলের দেখা পেয়েছে এই ফরাসি ফরোয়ার্ড। 

 


২০২৪ এর গ্রীষ্মে পিএসজি থেকে রিয়ালে যোগ দেওয়ার পর ১১৬ ম্যাচে গোলের সেঞ্চুরি করলেন এমবাপ্পে। রিয়ালের ২৪তম খেলোয়াড় হিসেবে একশ গোল করলেন এমবাপে। আলফ্রেদো দি স্তেফানো, রাউল ও ক্রিশ্চিয়ানো রোনালদোর পর চতুর্থ দ্রুততম গোলের সেঞ্চুরি তার। ৪৩৮ ম্যাচে ৪৫০ গোল করে রিয়ালের সর্বকালের শীর্ষ গোলদাতা রোনালদো।

 

 

ম্যাচ শেষে এমবাপে বলেন, ‘এই ম্যাচের মূল তারকা ছিল দল, পুরো দলটি। আমরা জানতাম এটা একটা দলীয় খেলা হতে হবে। আজ আমরা আমাদের সর্বস্ব দিয়েছি। খেলায় আমাদের কঠিন মুহূর্ত ছিল, আবার এমন মুহূর্তও ছিল যেখানে আমরা আধিপত্য বিস্তার করেছি। জেতা এবং শিরোপার লড়াইয়ে টিকে থাকাটা গুরুত্বপূর্ণ। আমাদের এগিয়ে যেতে হবে। এটা একটা দারুণ খেলা, কিন্তু এটা মাত্র তিন পয়েন্ট।’

 

 

রিয়ালে আসার পর টানা দুই মৌসুম লা লিগার শীর্ষ গোলদাতা হয়েছেন এমবাপ্পে। তবে লস ব্লাঙ্কোদের হয়ে এখনও কোনো ট্রফি জিততে পারেননি। গত দুটি মৌসুমে বার্সার কাছে শিরোপা হারান তিনি। এমবাপ্পে বলেন, ‘সবাই জানে আমি গোল করতে ও দলকে সাহায্য করতে ভালোবাসি। কিন্তু আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল দলের জয়। এই বছর যদি আমরা কিছু করতে চাই, তবে আমাদের একজোট হয়ে খেলতে হবে। আমাদের মান এখানেই আছে। এখানে যে খেলোয়াড়রা আছে, তাদের নিয়ে যে-ই বলুক না কেন যে মান নেই, সে মিথ্যাবাদী। কিন্তু আমাদের দল হিসেবে কাজ করতে হবে, এভাবেই আমরা যা চাই তা অর্জন করতে পারব।’
সূত্র: ইত্তেফাক .কম
এমডি

খেলাধুলা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার