প্রকাশিত: ০১ নভেম্বর, ২০২৬ ২১:১৮
যুবঋণের চেক ও ক্রেস্ট বিতরণ
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে জাতীয় যুব দিবস। জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা এবং সফল যুব উদ্যোক্তাদের মাঝে যুবঋণের চেক ও ক্রেস্ট বিতরণ করা হয়।
রবিবার সকাল সাড়ে ১০টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে দিবসটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
.jpg)
শোভাযাত্রা শেষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে ও যুব উন্নয়ন অধিদপ্তরের কম্পিউটার প্রশিক্ষক আলমগীর কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস চন্দ্র শীল।
অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মোখলেছুর রহমান। স্বাগত বক্তব্য দেন শেখ আবু সাইদ। এছাড়া আরও বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তারেক, সাধারণ সম্পাদক মোহাম্মদ উবাইদুল ইসলাম, যুব মহিলা প্রতিনিধি তৃষ্ণা আক্তার রুসনা এবং যুব প্রতিনিধি মোহাম্মদ আলী ফুয়াদ ও মোহাম্মদ আবিদুর রহমান।
.jpg)
অনুষ্ঠানে যুব উন্নয়ন কার্যক্রমে বিশেষ অবদান রাখার জন্য জেলা পর্যায়ে সেরা উদ্যোক্তা ও সংগঠনকে পুরস্কৃত করা হয়। শ্রেষ্ঠ যুব উদ্যোক্তা (২০২৬) হয়েছেন ছাতক উপজেলার দোলার বাজার এলাকার লক্ষ্মীপুর গ্রামের ‘মেসার্স আনান ফুয়াদ পোল্টি্র ফার্ম’ এর স্বত্বাধিকারী মোহাম্মদ আলী ফুয়াদ। এছাড়াও শ্রেষ্ঠ যুব সংগঠন হয়েছে সুনামগঞ্জ কমিউনিটি প্যারামেডিক যুব কল্যাণ সংগঠন। নির্বাচিতদের হাতে সম্মাননা ক্রেস্ট এবং যুবঋণের চেক তুলে দেন অতিথিরা।
আলোচনা সভায় বক্তারা যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধির মূল চালিকাশক্তি হলো তরুণ প্রজন্ম। যুবসমাজকে যথাযথ প্রশিক্ষণ প্রদান, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা গেলে বেকারত্ব দূর করার পাশাপাশি দেশের অর্থনীতিকে আরও গতিশীল করা সম্ভব।
উপজেলার খবর থেকে আরো পড়ুন