প্রকাশিত: ০৩ নভেম্বর, ২০২৬ ১১:১৪
সংগৃহীত ছবি
ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে শুরু করেছে প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’। মঙ্গলবার (৩ নভেম্বর) স্থানীয় সময় রাত ১টার দিকে রাজ্যের ওঙ্গোলের কাছে ঘূর্ণিঝড়টির স্থলভাগে আছড়ে পড়ার প্রক্রিয়া শুরু হয়। এ সময় উপকূলে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ছিল ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার। দ্য হিন্দুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ভারতের আবহাওয়া অধিদপ্তরের (আইএমডি) তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৫টা ৩০ মিনিটের আপডেটে জানানো হয়, ঘূর্ণিঝড়টির স্থলভাগ অতিক্রমের প্রক্রিয়া শেষ হতে আরও প্রায় দুই ঘণ্টা সময় লাগতে পারে। গত ছয় ঘণ্টায় ঘণ্টায় ৯ কিলোমিটার গতিতে এগিয়েছে ঘূর্ণিঝড়টি। দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, ঘূর্ণিঝড়টি তখন ওঙ্গোল থেকে ২০ কিলোমিটার, বাপটলা থেকে ৬০ কিলোমিটার এবং নেল্লোর থেকে ১১০ কিলোমিটার দূরে অবস্থান করছিল।
ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্রপ্রদেশের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। জেলাগুলোর মধ্যে রয়েছে পশ্চিম গোদাবরী, এলুরু, কৃষ্ণা, এনটিআর, গুন্টুর, বাপটলা, পালানাডু, মার্কাপুরম, প্রকাশম ও নেল্লোর।
এছাড়া, প্রকাশম জেলার ওঙ্গোলের সামাথা নগরে বেশ কয়েকটি খড়ের ঘর ধসে পড়েছে। ভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাসের কারণে সেখানে কয়েকজন বাসিন্দা আটকা পড়েছেন। তাদের উদ্ধারে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। একই জেলার বীরামগুন্তা গ্রামেও কয়েকটি বাড়িতে পানি ঢুকে পড়েছে। দ্য হিন্দুর প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণ উপকূলীয় অন্ধ্রপ্রদেশে জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে বাপটলা, কৃষ্ণা ও প্রকাশম জেলার নিচু এলাকাগুলো প্লাবিত হতে পারে। আগামী ১২ ঘণ্টায় এসব এলাকায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কাও রয়েছে। রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ও আরটিজিএসের প্রধান নির্বাহী প্রখর জৈন বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
এদিকে, ‘মুরাসু’র প্রভাবে বাংলাদেশেও কিছুটা প্রভাব পড়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোলেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেশের চার সমুদ্রবন্দরে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত জারি করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের বিশেষ বিজ্ঞপ্তি-৯-এ এ সতর্কতার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, সোমবার দুপুর ১২টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৪৭৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ১ হাজার ৪৪০ কিলোমিটার, মোংলা থেকে ১ হাজার ৩০০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সূত্র:কালবেলা .কম
আন্তর্জাতিক থেকে আরো পড়ুন