পারসা ইভানার ক্যারিয়ার বদলে দিল ‘ইভা'

প্রকাশিত: ০৩ নভেম্বর, ২০২৬ ১৩:০২

সংগৃহীত ছবি

ছোট পর্দার অভিনেত্রী পারসা ইভানা। তবে দর্শকের কাছে তার পরিচিতি এখন ‘ব্যাচেলর পয়েন্ট’-এর ইভা নামেই বেশি। ধারাবাহিকটির একটি মৌসুমে অভিনয় করেই পেয়েছেন ব্যাপক পরিচিতি ও দর্শকের ভালোবাসা। অভিনেত্রী নিজেও মনে করেন, ইভা চরিত্রটি তাঁর ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে। একদিকে সেই জনপ্রিয়তাকে পুঁজি করে এগিয়ে চলেছেন, অন্যদিকে দেশের নাটকের নির্মাণ ও কাস্টিংয়ের নানা অসংগতি নিয়েও কথা বলছেন তিনি।

 

 


‘ব্যাচেলর পয়েন্ট’-এ অভিনয়ের সিদ্ধান্তকে নিজের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মনে করেন পারসা। তার ভাষায়, এই ধারাবাহিকের পর বদলে গেছে তার জীবন। বিভিন্ন অনুষ্ঠান কিংবা জনসমাগমে এখন দর্শকেরা তাকে দেখতে ভিড় করেন।

 

 

পারসা বলেন, ‘ব্যাচেলর পয়েন্ট করার পর লাইফ অনেকটাই বদলে গেছে। এখন কোনো ইভেন্টে গেলে হাজার হাজার মানুষ আমাকে দেখতে আসেন। যে জিনিসটা আগে আমি পাইনি, এই লেভেলে পাইনি— ওই জায়গা থেকে অবশ্যই আমার জীবনে অনেক পরিবর্তন এসেছে। আর্টিস্ট হিসেবে একটা অন্য রকম স্বীকৃতি আমি পেয়েছি।’

 

 

ধারাবাহিকটির মাত্র একটি মৌসুমে অভিনয় করেছেন তিনি। এরপর আর তাকে দেখা যায়নি। তবে দর্শকের আগ্রহ এখনো কমেনি। বিভিন্ন জায়গায় গেলে ভক্তরা তাকে আবার ‘ব্যাচেলর পয়েন্ট’-এ দেখার ইচ্ছার কথা জানান। দর্শকের এই ভালোবাসাকেই অভিনয়জীবনের বড় প্রাপ্তি মনে করেন পারসা।

 

 

ছোট পর্দায় পরিচিতি পেলেও বড় পর্দায় অভিনয়ের স্বপ্ন রয়েছে পারসার। তবে শুধু সিনেমায় নাম লেখানোর জন্য কোনো কাজ করতে চান না তিনি। এখন পর্যন্ত বেশ কয়েকটি সিনেমার প্রস্তাব পেলেও চিত্রনাট্য পছন্দ না হওয়ায় সেগুলোতে যুক্ত হননি।

 

 

পারসা বলেন, ‘সিনেমা করার ইচ্ছা কার না থাকে? নিজেকে বড় পর্দায় দেখা, সবাই মিলে প্রিমিয়ার— প্রত্যেক আর্টিস্টেরই একটা ড্রিম থাকে। হাজার হাজার মানুষ হলে গিয়ে টিকিট কেটে আমাকে দেখবেন, এটা প্রত্যেক শিল্পীরই স্বপ্ন।’

 


কেমন সিনেমায় অভিনয় করতে চান, সে বিষয়েও নিজের ভাবনা জানিয়েছেন এই অভিনেত্রী। তার কাছে গল্প, চরিত্র, চিত্রনাট্য ও পরিচালকের ভাবনা গুরুত্বপূর্ণ। যে চরিত্রে নিজের অভিনয়দক্ষতা তুলে ধরার সুযোগ থাকবে, তেমন কাজেই যুক্ত হতে চান তিনি।

 

 

পারসার ভাষ্য, ‘আমার কাছে মনে হয়েছে, ওই স্ক্রিপ্টগুলো থেকে আমার পাওয়ার কিছু নেই। যেদিন আমার কাছে মনে হবে যে এই ক্যারেক্টারে আমি অনেক কিছু দিতে পারব, সেদিনই অভিনয় করতে চাই। ওরকম স্ক্রিপ্ট, ওরকম ডিরেক্টর, ওরকম রাইটারের সিনেমাতেই আমি অভিনয় করতে চাই।’

 

 

নাটকের কাস্টিং নিয়ে ক্ষোভ

 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টের মাধ্যমে বাংলাদেশের নাটকের নির্মাণ ও কাস্টিং নিয়ে নিজের মতামত তুলে ধরেন পারসা। তার মতে, দেশের নাটকের গল্প বেশ শক্তিশালী হলেও নির্মাণ ও শিল্পী নির্বাচনের ক্ষেত্রে আরও পেশাদারত্ব প্রয়োজন।

 

 

পোস্টটির কারণ ব্যাখ্যা করে পারসা জানান, সম্প্রতি পাশের দেশের একটি পডকাস্টে জ্যেষ্ঠ অভিনয়শিল্পী ও লেখকদের নাটকের ভালো-মন্দ নিয়ে খোলামেলা আলোচনা করতে দেখেছেন তিনি। বাংলাদেশের নাটক নিয়েও এমন আলোচনা হওয়া উচিত বলে মনে করেন এই অভিনেত্রী।

 

 

পারসা বলেন, ‘আমাদের দেশে যদি এ রকম কোনো পডকাস্টে কোনো নাটক নিয়ে বসা হয়, তাহলে অসংখ্য ভুল পাওয়া যাবে। অনেক বিষয় নিয়ে কথা বলা যাবে, যেগুলো সাধারণত আমাদের দেশে কেউ বলেন না। ওই জায়গা থেকেই আমি পোস্টটি করেছি।’

 

 

তবে কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা তার উদ্দেশ্য নয়। বরং নাটকের নির্মাণ ও কাস্টিংয়ে সচেতনতা বাড়ানোর তাগিদ থেকেই এমন মন্তব্য করেছেন তিনি।

 

 

পারসার জানান, ‘মেকিং ও কাস্টিংয়ের দিক থেকে আমাদের আরেকটু সচেতন থাকা উচিত।’

 

নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে অভিনেত্রী বলেন, কখনো কোনো চরিত্র নির্দিষ্ট শিল্পীকে ভেবেই লেখা হয়। কিন্তু শুটিং শুরুর আগে প্রযোজক কিংবা অন্য কারও আপত্তিতে শেষ মুহূর্তে কাস্টিং পরিবর্তন হয়ে যায়। এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তিনিও।

 

 

পারসা বলেন, ‘আমার সঙ্গেও এ রকম হয়েছে। বলা হয়েছে, আমাকেই লাগবে, চরিত্রটা আমার জন্যই লেখা। শেষ মুহূর্তে হয়তো প্রযোজক বা অন্য কেউ আমাকে নিতে চান না। কিংবা অন্য কোনো কারণে কাস্টিং পরিবর্তন হয়ে যায়। যেটা খুবই বিরক্তিকর।’

 

 

এ ধরনের চর্চা বন্ধ হলে দেশের নাটক আরও ভালো অবস্থানে পৌঁছাবে বলে বিশ্বাস করেন তিনি। একই সঙ্গে নিজের কাজ ও পরিশ্রমের ওপর আস্থা রাখার কথাও জানিয়েছেন অভিনেত্রী।

 

 

পারসার বক্তব্য, ‘আমি তো আসলে কাউকে ব্যক্তিগত আক্রমণ করিনি। কারও নামও নিইনি। তারপরও যদি কেউ পারসোনালি নিয়ে নেন, তার মানে তাদের সমস্যা আছে। আমার কাজ, আমার পরিশ্রম কোনো না কোনোভাবে আমার কাছে ফেরত আসবেই, যদি আমি এটা ডিজার্ভ করি। কে আমাকে নিয়ে কী মনে করলেন, এই পোস্টের কারণে কে আমাকে কাজে নিলেন বা নিলেন না, সেটা নিয়ে আমি ভাবছি না।’

সূত্র: যুগান্তর.কম

সাহিত্য ও সংস্কৃতি থেকে আরো পড়ুন

বিজ্ঞাপন

সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার