ছাতকে দুর্বিন শাহের জন্মবার্ষিকী উদযাপিত

প্রকাশিত: ০৩ নভেম্বর, ২০২৬ ২২:৪৪

অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা, বাউল সাধক ও গীতিকবি দুর্বিন শাহের জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। সোমবার (২ নভেম্বর) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে তাঁর ১০৫তম জন্মবার্ষিকী পালন করে দুর্বিন শাহ পরিষদ ও ভক্তবৃন্দ। এ উপলক্ষে রাতে তাঁর রচিত গান নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 


সোমবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে এই আয়োজনের উদ্বোধন করেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহি উদ্দিন।

 


দুর্বিন শাহ’র নাতি অনিক শাহের সভাপতিত্বে এবং শিক্ষক অজয় পালের পরিচালনায় আলোচনা সভায় জ্ঞানের সাগর দুর্বিন শাহের বর্ণাঢ্য জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ করেন প্রধান অতিথি ইউএনও মোহাম্মদ মহি উদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সিমেন্ট ফ্যাক্টরি সিবিএ বি—৮০ এর সাধারণ সম্পাদক শফি উদ্দিন, ছাতক পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সামসুর রহমান বাবুল, লোকগবেষক জাকির শাহ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অজিত কুমার দাস।

 


কালজয়ী লোকগানের স্রষ্টা দুর্বিন শাহ ১৯২০ সালের ২ নভেম্বর সিলেটের ছাতক উপজেলার নোয়ারাই গ্রামের তারামনি টিলায় জন্মগ্রহণ করেন। বর্তমানে টিলাটি ‘দুর্বিন টিলা’ নামে পরিচিত। তাঁর বাবা সফাত আলী শাহ ছিলেন সুফি সাধক এবং মা হাসিনা বানু ছিলেন একজন পীর। আধ্যাত্মিক আবহে বেড়ে উঠার মাধ্যমেই সংগীত ও সাধনার জগতে তাঁর পথচলা শুরু হয়। পরবর্তীতে ১৯৪৬ সালে একই ইউনিয়নের জোড়াপানি গ্রামের সরুফা বেগমের সঙ্গে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন।

 


তাঁর সৃষ্টিতে প্রেম, বিরহ, আধ্যাত্মিকতা ও জীবনদর্শন মিশে তৈরি হয়েছে স্বতন্ত্র এক সংগীতধারা। ‘নির্জন যমুনার কূলে’, ‘আমার অন্তরায় আমার কলিজায়’, ‘নামাজ আমার হইলো না আদায়’ কিংবা ‘বন্ধু যদি হইতো নদীর জল’—এমন অসংখ্য জনপ্রিয় গানের অমিয় বাণী আজও মানুষের মুখে মুখে ফেরে।

 


১৯৬৭ সালে প্রবাসী বাঙালিদের আমন্ত্রণে ইংল্যান্ডে যান দুর্বিন শাহ। সে সময় তাঁর অন্যতম সফরসঙ্গী ছিলেন আরেক বাউলসাধক শাহ আবদুল করিম। বিলেতে তাঁর গানের কথা ও সুরে বিমোহিত হয়ে সংগীতপ্রেমীরা তাঁকে ‘জ্ঞানের সাগর’ উপাধিতে ভূষিত করেন। 

 


বাউল সাধক দুর্বিন শাহ ১৯৭৭ সালের ১৫ ফেব্রুয়ারি ৫৭ বছর বয়সে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। তবে তাঁর রেখে যাওয়া গান ও সুর বাংলার লোকসংগীতের ঐতিহ্যে আজও অম্লান ও স্মরণীয় হয়ে আছে।
সন্ধ্যায় অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে নোমান ইমদাদ কানন, জাহিদ হাসান সোহেল, মুকুল দে, তমাল পোদ্দার, সেলিম মাহবুব, রহিম শাহ, কালা শাহ ও বাউল শিল্পী শাহিনুর আলমসহ বিভিন্ন বাউল শিল্পী ও দুর্বিন শাহের ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার