গ্রাম আদালতে মামলা নিষ্পত্তিতে জেলায় প্রথম জামালগঞ্জ

প্রকাশিত: ০৩ নভেম্বর, ২০২৬ ২২:৫০

গ্রাম আদালতের মাধ্যমে বিরোধ নিষ্পত্তিতে অনন্য নজির স্থাপন করে সুনামগঞ্জ জেলায় প্রথম স্থান অর্জন করেছে জামালগঞ্জ উপজেলা। উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারীর কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত তিন মাসে জামালগঞ্জ উপজেলায় নতুন মামলা হয়েছে ৩৯টি এবং আগের মামলাসহ মোট নিষ্পত্তি হয়েছে ৫৩টি মামলার। এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ সুনামগঞ্জ জেলা গ্রাম আদালত প্রকল্পের পরিচালক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক অসীম চন্দ্র বণিক তাঁর কার্যালয়ে জামালগঞ্জ উপজেলাকে সম্মাননা স্মারক প্রদান করেন।

 


এই সময়ে উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে সাচনা বাজার ইউনিয়নে নতুন মামলা হয় ১৭টি, নিষ্পত্তি ১৩টি। জামালগঞ্জ উত্তর ইউনিয়নে নতুন মামলা ৯টি, নিষ্পত্তি ১২টি। ভীমখালী ইউনিয়নে নতুন মামলা ৭টি, নিষ্পত্তি ১১টি। বেহেলী ইউনিয়নে নতুন মামলা ৬টি, নিষ্পত্তি ৮টি। জামালগঞ্জ সদর ইউনিয়নে নতুন মামলা ৮টি, নিষ্পত্তি ৭টি এবং ফেনারবাক ইউনিয়নে নতুন মামলা ২টি, নিষ্পত্তিও হয়েছে ২টি।
এ বিষয়ে উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী হাফসা রহমান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদকের দিকনির্দেশনা এবং প্রশাসনিক কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের আন্তরিক প্রচেষ্টাতেই এই অর্জন সম্ভব হয়েছে।

 


ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান তালুকদার বলেন, ২০২৫ সালে গ্রাম আদালত পরিচালনায় ভীমখালী ইউনিয়ন পরিষদ সিলেট বিভাগের সেরা নির্বাচিত হয়েছিল। গ্রাম আদালতের মাধ্যমে প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষ স্বল্প খরচে ও তিন মাসের মধ্যে বিচারসেবা পাচ্ছেন। এই আদালতে বিচার প্রক্রিয়া শেষে বাদী—বিবাদী উভয় পক্ষই সন্তুষ্ট থাকে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক বলেন, গ্রামীণ জনপদে ন্যায়বিচার প্রতিষ্ঠা, সাধারণ মানুষের বিচারপ্রাপ্তি সহজ করা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে গ্রাম আদালত একটি অত্যন্ত কার্যকর উদ্যোগ। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ ও ঝগড়াঝাঁটি স্বল্প সময়ে ও সহজ পদ্ধতিতে নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে। ফলে সাধারণ মানুষকে মামলার জন্য দূরবর্তী আদালতে গিয়ে মূল্যবান সময় ও অর্থ অপচয় করতে হচ্ছে না। বিশেষ করে হাওরাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর বিচারপ্রাপ্তি এখন অনেক সহজ হয়েছে। পারিবারিক ও সামাজিক বিরোধ নিরসন এবং পারস্পরিক সম্পর্ক ও সামাজিক বন্ধন সুদৃঢ় করতেও গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার