আর্জেন্টিনাকে কাঁপিয়ে দেওয়া সেই কোচকে বরখাস্ত করল মিসর 

প্রকাশিত: ০৮ নভেম্বর, ২০২৬ ১২:১১

সংগৃহীত ছবি 

মিসর জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব হারিয়েছেন হোসাম হাসান। তার জায়গায় নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন আলী মাহের। সম্প্রতি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)।

 

 

২০২৪ সালের ফেব্রুয়ারিতে মিসরের দায়িত্ব নিয়েছিলেন সাবেক তারকা ফুটবলার হোসাম হাসান। তার অধীনে ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নেয় মিসর। শুধু তাই নয়, বিশ্বকাপে ৯২ বছর পর প্রথম জয়ের স্বাদও পায় দলটি। গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারানোর পর নকআউট পর্বেও ওঠে তারা। শেষ ষোলোতে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হেরে বিদায় নেয় মিসর।

 

 

এমন সাফল্যের পরও হোসাম হাসানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। বোর্ড সভায় সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। ফেডারেশনের বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক কিছু ঘটনা জাতীয় দলের ইতিবাচক ভাবমূর্তি ও স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। তাই হোসাম হাসান ও তার কোচিং স্টাফকে ধন্যবাদ জানিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

 

 

হোসাম হাসানের জায়গায় দায়িত্ব পাওয়া আলী মাহেরের বয়স ৫২ বছর। খেলোয়াড় ও কোচ দুই ভূমিকাতেই মিসরীয় ফুটবলে পরিচিত তিনি। সর্বশেষ সিরামিকা ক্লিওপেট্রার কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার অধীনে ২০২৪-২৫ মৌসুমে মিসরীয় লিগ কাপ জেতে ক্লাবটি। গত মৌসুমে মিসরীয় প্রিমিয়ার লিগে চতুর্থও হয়েছিল তারা।

 

 

নতুন কোচের সামনে অবশ্য সময় খুব বেশি নেই। আগামী ১৩ ও ১৭ নভেম্বর আফ্রিকা কাপ অব নেশন্সের বাছাইপর্বে মালাউইয়ের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে মিসর। এই দুই ম্যাচ সামনে রেখে দলের দায়িত্ব বুঝে নেবেন আলী মাহের। নতুন কোচ ইতোমধ্যে তার সহকারী কোচিং স্টাফ গঠনের পরিকল্পনাও ফেডারেশনকে জানিয়েছেন।

 

 

উল্লেখ্য, হোসাম হাসান দায়িত্ব ছাড়ার আগে মিসরের হয়ে ৩৮ ম্যাচে কোচিং করিয়েছেন। এর মধ্যে ২১টিতে জয়, ১০টিতে ড্র এবং ৭টিতে হারের মুখ দেখেছে দলটি।
সূত্র: কালবেলা .কম
এমডি

খেলাধুলা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার