সিলেট থেকে গ্রেপ্তার এজাহারনামীয় পলাতক আসামি

প্রকাশিত: ০৮ নভেম্বর, ২০২৬ ২২:০৩

জগন্নাথপুরে জোড়া খুন

জগন্নাথপুর উপজেলার পীরেরগাঁও এলাকায় জমিজমা ও রাস্তা ব্যবহার নিয়ে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় সংঘটিত চাঞ্চল্যকর জোড়া হত্যা মামলার এজাহারনামীয় ১৮ নম্বর পলাতক আসামি দুখু মিয়াকে (২২) গ্রেপ্তার করেছে এসআরবি—৯। গত শনিবার (৭ নভেম্বর) রাতে সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন চকেরবাজার এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুখু মিয়া জগন্নাথপুর উপজেলার পীরেরগাঁও এলাকার আবুল কাশেমের ছেলে।

 


মামলার বিবরণ থেকে জানা যায়, পীরেরগাঁও গ্রামের বাসিন্দা মতিউর রহমান (৪৮) ও তার ভাই মুজিবুর রহমানের (৪১) পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতিপক্ষের জমিজমা, সরকারি খাসজমিতে গবাদিপশু চরানো এবং বাড়ির সামনের রাস্তা দিয়ে চলাচল নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার মাত্র দুই দিন আগে মতিউর রহমানের ভাতিজা আলমগীরের সঙ্গে ৬ নম্বর আসামি আলী মিয়ার হাওরের পুকুরের পানি নিষ্কাশন ও মাছ ধরা নিয়ে বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে গত গত ২৭ অক্টোবর সকাল আনুমানিক ৯টার দিকে মতিউর রহমান গবাদিপশু চরানোর উদ্দেশ্যে মাঠে যাওয়ার পথে সৈয়দপুর শাহারপাড়া এলাকায় পৌঁছালে প্রতিপক্ষের লোকজন তাকে ঘেরাও করে। এ সময় ১ নম্বর আসামি আবুল কাসেম ও ২ নম্বর আসামি বাবুল মিয়ার হুকুমে অন্যরা দেশীয় অস্ত্র দিয়ে তার ওপর নৃশংস হামলা চালিয়ে গুরুতর জখম করে। মতিউর রহমানকে বাঁচাতে তার ভাই আতাউর রহমান, চাচাতো ভাই মুজিবুর রহমানসহ পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মতিউর রহমানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আতাউর রহমান ও মুজিবুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ২৮ অক্টোবর সকাল সাড়ে ৬টার দিকে মুজিবুর রহমানও মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা (নং—১৪, তাং— ৩০/১০/২০২৬) দায়ের করেন।

 


চাঞ্চল্যকর এই জোড়া হত্যাকাণ্ডের পর আসামিদের আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে এসআরবি—৯। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি—৯, সিপিসি—৩ (সুনামগঞ্জ) এবং সদর কোম্পানি (সিলেট)—এর একটি যৌথ দল গত ৭ নভেম্বর রাত পৌনে ১০টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার চকেরবাজার এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় ১৮ নম্বর পলাতক আসামি দুখু মিয়াকে গ্রেপ্তার করে।

 


গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট এসআরবি—৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম শহিদুল ইসলাম সোহাগ। তিনি জানান, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার