প্রকাশিত: ০৯ নভেম্বর, ২০২৬ ১২:১৭
সংগৃহীত ছবি
আর্জেন্টিনার জার্সিতে আর মাঠে না দেখা গেলেও জানুয়ারিতে আবারও নিজ দেশের মাটিতে খেলতে দেখা যেতে পারে লিওনেল মেসিকে। তবে এবার জাতীয় দলের হয়ে নয়, ইন্টার মায়ামির জার্সিতে মাঠে নামতে পারেন আর্জেন্টাইন মহাতারকা।
প্রাক-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে আগামী জানুয়ারিতে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করছে ইন্টার মায়ামি। ম্যাচটি আয়োজনের সম্ভাব্য ভেন্যু বুয়েনস এইরেসের ঐতিহ্যবাহী মনুমেন্তাল স্টেডিয়াম। জানুয়ারির দ্বিতীয়ার্ধে ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
শার্লটের বিপক্ষে ৩-৩ গোলে ড্রয়ের পর ইন্টার মায়ামির কোচ কিলি গঞ্জালেজ বিষয়টি নিয়ে কথা বলেছেন। তার ভাষ্য, এই ম্যাচ আয়োজনের সম্ভাবনা বেশ জোরালো। তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে আরও আলোচনা বাকি রয়েছে।
গঞ্জালেজ বলেন, ‘আমার জন্য, সেই পরিস্থিতি নিশ্চিত।’ আর্জেন্টিনার মাটিতে প্রাক-মৌসুমের ম্যাচ আয়োজন নিয়ে তিনি আরও বলেন, ‘এটার সম্ভাবনা খুবই প্রবল। অবশ্যই রিভার প্লেটের মতো আর্জেন্টিনার দলগুলোর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করা সবসময় ভালো। কিন্তু সেটা ঘটার আগে অনেক পথ বাকি আছে।’
ম্যাচটি শেষ পর্যন্ত মাঠে গড়ালে মেসির জন্য তা হবে বিশেষ এক মুহূর্ত। কারণ, প্রথমবারের মতো আর্জেন্টিনার মাটিতে কোনো ক্লাবের হয়ে খেলতে দেখা যেতে পারে আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলারকে। মনুমেন্তাল স্টেডিয়ামেই আবার ফিরবেন তিনি, তবে এবার আর্জেন্টিনার জার্সিতে নয়, ইন্টার মায়ামির গোলাপি জার্সিতে।
এদিকে ম্যাচটি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে দুই পক্ষই। রিভার প্লেটও আনুষ্ঠানিক ঘোষণা ও বিস্তারিত সূচির অপেক্ষায় আছে।
সূত্র:আরটিভি নিউজ .কম
এসএ
খেলাধুলা থেকে আরো পড়ুন