অকেজো রেগুলেটর মেরামতে বরাদ্দ চেয়েছে পানি উন্নয়ন বোর্ড, খনন হবে ৫১ খাল

প্রকাশিত: ০৯ নভেম্বর, ২০২৬ ২১:১২

সুনামগঞ্জের হাওরে বোরো আবাদের প্রস্তুতির মধ্যেই দ্রুত কমছে পানির স্তর। কোথাও শুকিয়ে যাচ্ছে বীজতলা, কোথাও ধান রোপণের জমি। গত বছরের তুলনায় বৃষ্টিপাত কম হওয়ায় হাওরে পানির মজুদ কমেছে। এর পাশাপাশি মাছ ধরতে বিভিন্ন স্থানে বাঁধ কেটে পানি ছেড়ে দেওয়ায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে। পানি ধরে রাখতে অকেজো রেগুলেটর মেরামত, ৫১টি খাল খনন ও দীর্ঘমেয়াদি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার বিষয়ে দৈনিক সুনামগঞ্জের খবরের বিশেষ আয়োজন ‘খবরনামা’য় কথা বলেছেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. ইমদাদুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পত্রিকাটির সহকারী সম্পাদক জাহাঙ্গীর আলম।

 

 

দৈনিক সুনামগঞ্জের খবর: নির্ধারিত সময়ের আগেই হাওরের পানি শুকিয়ে যাওয়ার প্রধান কারণ কী?
মো. ইমদাদুল হক: গত বছরের তুলনায় চলতি বছর বৃষ্টিপাত অনেক কম হয়েছে। গত বছরের সেপ্টেম্বরে গড় বৃষ্টিপাত ছিল প্রায় ২৭ মিলিমিটার, চলতি বছর তা হয়েছে ১১ মিলিমিটার। অক্টোবরে গত বছর প্রায় ৭ মিলিমিটার হলেও চলতি বছর হয়েছে ৩ মিলিমিটার। ফলে হাওরে প্রত্যাশিত পানি জমেনি। সাধারণত এ সময়ে পানির স্তর ৫ থেকে ৬ মিটার পিডব্লিউডি পর্যায়ে থাকলেও এবার তা নেমে এসেছে ২ দশমিক ৪৪ থেকে ২ দশমিক ৫০ মিটারে। এর পাশাপাশি বিভিন্ন স্থানে বাঁধ কেটে পানি ছেড়ে দেওয়ায় পরিস্থিতি আরও প্রকট হয়েছে।

দৈনিক সুনামগঞ্জের খবর: মাছ ধরতে বাঁধ কেটে পানি ছেড়ে দেওয়ার ঘটনা বন্ধে নজরদারি কতটুকু?
মো. ইমদাদুল হক: সংশ্লিষ্ট শাখা কর্মকর্তা ও কার্যসহকারীদের নজরদারি রাখতে বলা হয়েছে। তবে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডে অনুমোদিত জনবলের তুলনায় বর্তমানে প্রায় পাঁচ ভাগের এক ভাগ জনবল রয়েছে। ফলে সব এলাকায় নিয়মিত নজরদারি কঠিন। স্থানীয় বাসিন্দাদেরও এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি। কোথাও বাঁধ কেটে দেওয়া হলে জিও ব্যাগ ও জিও ফিল্টার দিয়ে সাময়িকভাবে পানি প্রবাহ কমানোর চেষ্টা করা হচ্ছে।

দৈনিক সুনামগঞ্জের খবর: অকেজো রেগুলেটর ও বাঁধ মেরামতে কী উদ্যোগ নেওয়া হয়েছে?
মো. ইমদাদুল হক: কয়েকটি অচল রেগুলেটর বন্ধ রাখা হয়েছে, যাতে হাওরের পানি দ্রুত নেমে না যায়। প্রয়োজনীয় রেগুলেটর মেরামতের জন্য ২০২৬—২৭ অর্থবছরের অনুন্নয়ন রাজস্ব বাজেট থেকে বরাদ্দ চেয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। বিষয়টি মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন। বরাদ্দ পেলে দরপত্র আহ্বান করে কাজ শুরু করা যাবে।

 

 

দৈনিক সুনামগঞ্জের খবর: হাওরে পানি ধরে রাখতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা কী?
মো. ইমদাদুল হক: হাওরের আগাম বন্যা নিয়ন্ত্রণ ও সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনায় একটি প্রকল্প নেওয়া হয়েছে। পরিকল্পনা কমিশনে এ প্রকল্পের পিএসসি সভা অনুষ্ঠিত হয়েছে। এর আওতায় পানি ধরে রাখা ও নিষ্কাশনের জন্য ১২টি গুরুত্বপূর্ণ স্থানে ড্রেনেজ আউটলেট নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সংলগ্ন খাল ও হাওরের অভ্যন্তরের বিলগুলো পর্যায়ক্রমে খনন করা হবে। নদ—নদী খনন করা গেলে শুষ্ক মৌসুমে পানি ধরে রাখা এবং আগাম বন্যার পানি দ্রুত নিষ্কাশনেও সুবিধা হবে।

 

দৈনিক সুনামগঞ্জের খবর: বোরো মৌসুমে সেচের পানি নিশ্চিত করতে কী প্রস্তুতি রয়েছে?
মো. ইমদাদুল হক: দেশব্যাপী ছোট নদী, খাল ও জলাশয় পুনঃখনন প্রকল্পে সুনামগঞ্জের ৫১টি খাল অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রকল্পটি শিগগিরই একনেক সভায় উপস্থাপনের কথা রয়েছে। অনুমোদন পেলে এসব খাল খনন করা হবে। এতে পানি নিষ্কাশনের পাশাপাশি শুষ্ক মৌসুমে কৃষকদের সেচের পানির চাহিদা পূরণেও সহায়তা হবে।

 

দৈনিক সুনামগঞ্জের খবর: কৃষকদের পানির সংকট মোকাবিলায় আপনার পরামর্শ কী?
মো. ইমদাদুল হক: কেউ বাঁধ কাটার উদ্যোগ নিলে কৃষকদের দ্রুত সংশ্লিষ্ট শাখা কর্মকর্তা, উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকে জানাতে হবে। তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। কোথাও বাঁধ কেটে দেওয়া হলে জিও ব্যাগ ও জিও ফিল্টার ব্যবহার করে পানি নিষ্কাশনের গতি কমানোর চেষ্টা করা হবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার