প্রকাশিত: ০৯ নভেম্বর, ২০২৬ ২১:০৯
শাল্লায় প্রাণনাশের হুমকির অভিযোগ
শাল্লা উপজেলায় পৈতৃক ও বৈধ মালিকানাধীন জমি দখলের চেষ্টা, কচুক্ষেত উচ্ছেদ এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে একই ইউনিয়নের প্রতাপপুর গ্রামের কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন পিনু দাস (৩৬) নামের এক কৃষক।
অভিযোগকারী পিনু দাস উপজেলার ৩ নম্বর বাহাড়া ইউনিয়নের পোড়ারপাড় গ্রামের বাসিন্দা। তিনি রাজমোহন দাসের ছেলে। লিখিত অভিযোগে প্রতাপপুর গ্রামের মহাদেব দাশের ছেলে (৫০), গনেন্দ্র দাস (৪৭), হরোমোহন দাস (৫২), রথীন্দ্র দাস (৪০), শ্রীকান্ত দাস (৬২), যাত্রামোহন দাশসহ আরও কয়েকজনের বিরুদ্ধে জমি দখলের চেষ্টা, ফসলের ক্ষতিসাধন ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর বেলা আনুমানিক ১১টার দিকে উপজেলার ৩ নম্বর বাহাড়া ইউনিয়নের ৩৩ নম্বর জেএলভুক্ত পোড়ারপাড় মৌজায় তফসিলভুক্ত জমিতে এই ঘটনা ঘটে।
অভিযোগকারী পিনু দাসের দাবি, তিনি দীর্ঘদিন ধরে ওই জমি ভোগদখল করে আসছেন। জীবিকা নির্বাহের জন্য জমিটিতে লতিরাজ কচুর চাষ করেছিলেন। কিন্তু বিবাদীরা জমি নিজেদের দাবি করে দখলের চেষ্টা করছেন। ঘটনার দিন তিনি নিজের আবাদ করা জমিতে ফসলের পরিচর্যা করতে গেলে অভিযুক্তরা সেখানে অনধিকার প্রবেশ করে কচুক্ষেত উচ্ছেদ করেন। এ সময় তাঁকে ভয়ভীতি দেখানোর পাশাপাশি প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
পিনু দাসের অভিযোগ, অভিযুক্তদের কর্মকাণ্ডে তার প্রায় দুই লাখ টাকার কচু ফসল নষ্ট হয়েছে। ভবিষ্যতে ওই জমিতে কাজ করতে গেলে আরও ক্ষয়ক্ষতি ও নিরাপত্তাহীনতার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে তিনি ও তাঁর পরিবার আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
এ বিষয়ে পিনু দাস বলেন, আমি একজন সাধারণ কৃষক। অনেক কষ্ট করে জমিতে লতিরাজ কচু চাষ করেছি। কিন্তু বিবাদীরা আমার জমি দখলের উদ্দেশ্যে কচুক্ষেত উচ্ছেদ করে প্রায় দুই লাখ টাকার ফসলের ক্ষতি করেছেন। আমি বাধা দিতে গেলে আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। বর্তমানে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছি। প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার চাই।
অভিযোগের তফসিল অনুযায়ী, বিরোধপূর্ণ জমির পরিমাণ প্রায় ১ দশমিক ৯২ একর। এর মধ্যে একটি দাগে ১ দশমিক ৩০ একর এবং অপর দাগে ০ দশমিক ৬২ একর জমির উল্লেখ রয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত শ্রীকান্ত দাস বলেন, এগুলো আমাদের কেনা সম্পত্তি। এটা বোরো জমি, কেউ কচু লাগায়নি। এ নিয়ে আদালতে মামলা চলছে।
এ বিষয়ে শাল্লা থানার ওসি মোহাম্মদ সুহেল বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন