প্রকাশিত: ০৯ নভেম্বর, ২০২৬ ১৯:০০
সংগৃহীত ছবি
টেস্ট পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল এসএসসি পরীক্ষার্থী জাকিয়া সুলতানা। বাসার সামনে এসে গেট খোলার অপেক্ষায় দাঁড়িয়েছিল সে। এ সময় পেছন থেকে ছুরি হাতে এসে তার ওপর হামলা চালায় এক কিশোর। ধারালো ছুরি দিয়ে জাকিয়ার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে সে। হামলার এ দৃশ্য ধরা পড়েছে ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরায়।
সোমবার বেলা দেড়টার দিকে কুষ্টিয়া পৌরসভার থানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় অভিযুক্ত কিশোরের নাম ইমন। সে শহরের মজমপুর এলাকার বাসিন্দা।
গুরুতর আহত জাকিয়াকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীর ও হাতের বিভিন্ন স্থানে একাধিক জখম রয়েছে। তবে বর্তমানে সে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
জাকিয়া কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। এবার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল সে। তার বাবা জাকারিয়া হোসেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাসিন্দা। একটি বেসরকারি ওষুধ কোম্পানিতে চাকরির সুবাদে পরিবারটি কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকে।
স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা যায়, আজ দুপুরে টেস্ট পরীক্ষা শেষে বাড়ি ফেরে জাকিয়া। বাসার সামনে গেট খোলার অপেক্ষায় দাঁড়িয়ে থাকার সময় আগে থেকে সেখানে অবস্থান নেওয়া ইমন তার ওপর হামলা চালায়। কালো শার্ট পরা ইমন পেছন থেকে এসে ধারালো ছুরি দিয়ে জাকিয়ার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। জাকিয়ার চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এলে ছুরিটি ফেলে পালিয়ে যায় সে।
পরে স্থানীয় বাসিন্দারা জাকিয়াকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। বেলা ১টা ৪০ মিনিটে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
পরিবারের অভিযোগ, ইমন দীর্ঘদিন ধরে জাকিয়াকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। কোচিংয়ে পড়ার সময় থেকেই তাকে বিরক্ত করত সে। বিষয়টি ইমনের পরিবারের সদস্যদের জানানো হলে কিছুদিনের জন্য উত্ত্যক্ত করা বন্ধ ছিল। জাকিয়ার পরিবারের ধারণা, অভিভাবকদের কাছে অভিযোগ করার কারণেই পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
সূত্র:সমকাল.কম
জাতীয় থেকে আরো পড়ুন