হার্টের সবচেয়ে বড় শত্রু পোড়াতেল, এটি মানবদেহে সরাসরি আঘাত করে: বিএফএসএ চেয়ারম্যান

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৬ ২২:৪৪

ভোজ্যতেল বারবার ব্যবহারের মাধ্যমে তৈরি হওয়া ‘পোড়াতেল’ মানুষের হৃদযন্ত্র বা হার্টের সবচেয়ে বড় শত্রু এবং এটি মানবদেহে সরাসরি আঘাত করে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) চেয়ারম্যান মো: শফিকুল ইসলাম। বুধবার (১১ নভেম্বর) সকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও বায়োটেক এনার্জি লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত ‘মানব স্বাস্থ্য ও পরিবেশের ওপর ব্যবহৃত রান্নার তেলের ক্ষতিকর প্রভাব’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএফএসএ—এর প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

 


সেমিনারে বিএফএসএ চেয়ারম্যান বলেন, শরীরের অভ্যন্তরে থাকা হার্টকে সরাসরি আঘাত করে পোড়াতেল। হার্টের যতগুলো শত্রু আছে, তার মধ্যে সবচেয়ে মারাত্মক হলো এটি। তাই ব্যক্তি পর্যায় থেকে শুরু করে ব্যবসায়ী—সবাইকে পোড়াতেল পরিহার করতে হবে। ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, একজন ব্যবসায়ী যদি একটা সিঙ্গাড়া পোড়াতেলে না ভেজে সতেজ তেলে ভেজে দাম একটু বেশিও রাখেন, তাহলেও মানুষ ফ্রেশ তেলের সিঙ্গাড়াটাই খাবে। ব্যবসায়ীদের সেই বিশ্বাসের জায়গাটা তৈরি করতে হবে। 

 


পোড়াতেলের টেকসই ব্যবস্থাপনা সম্পর্কে তিনি উল্লেখ করেন, পোড়াতেল ধ্বংস বা রিসাইকেল করার সবচেয়ে টেকসই উপায় হচ্ছে বায়োটেকের মতো প্রতিষ্ঠানকে তা দিয়ে দেওয়া। এর মাধ্যমে একদিকে যেমন আর্থিক সাশ্রয় হবে, অন্যদিকে পরিবেশও ভালো থাকবে।

 


বিএফএসএ সদস্য (যুগ্মসচিব) মো. আনোয়ারুল ইসলাম সরকারের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কর্তৃপক্ষের সদস্য ড. মোহাম্মদ সোয়েব। তিনি বিজ্ঞানভিত্তিক আলোচনায় দেখান যে, ব্যবহৃত ভোজ্যতেল বারবার ব্যবহারের কারণে উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি, রক্তনালিতে চর্বি জমা, লিভারের ক্ষতি ও ক্যান্সারের ঝুঁকি তৈরি হচ্ছে।

 


সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফএসএ সদস্য আ ন ম নাজিম উদ্দীন ও ড. মোহাম্মদ মোস্তফা। তারা পোড়াতেল বারবার ব্যবহার না করে সেটিকে বায়োডিজেলে রূপান্তর করার ওপর গুরুত্ব আরোপ করেন। এতে একদিকে মানবস্বাস্থ্য যেমন সুরক্ষিত থাকবে, অন্যদিকে গাড়ি বা মেশিন চালানোর জ্বালানি মিলবে।

 


বায়োটেক এনার্জির ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল হামিদ সেমিনারে জানান, সারা দেশের অন্তত তিন হাজার খাদ্যস্থাপনা থেকে তারা বর্তমানে প্রতি মাসে ১০০ টনের বেশি পোড়াতেল সংগ্রহ করছেন এবং ২০৩০ সালের মধ্যে তা মাসে এক হাজার টনে উন্নীত করার লক্ষ্য রয়েছে। সাভারে অবস্থিত নিজস্ব কারখানায় এই পোড়াতেল থেকে বায়োডিজেল উৎপাদন করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, মাত্র ১ লিটার ব্যবহৃত ভোজ্যতেল প্রায় ১০ লাখ লিটার পানি দূষিত করতে পারে।
সেমিনারে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তা—কর্মচারী, বায়োটেক এনার্জির প্রতিনিধি, ব্যবসায়ী ও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সূত্র : ঢাকা টাইমস

জাতীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার