প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৬ ২৩:০৯
বাংলাদেশের উত্তর—পূর্বাঞ্চলের এক অনন্য ভূ—প্রাকৃতিক জনপদ সুনামগঞ্জ। প্রকৃতির অপরূপ সৌন্দর্য আর অফুরন্ত সম্ভাবনার আড়ালে চাপা পড়ে আছে এখানকার প্রায় ২৭ লাখ মানুষের দীর্ঘশ্বাস, বঞ্চনা এবং টিকে থাকার প্রতিদিনের সংগ্রাম। উন্নয়নের মূল ে¯্রাতধারা থেকে অনেকটা বিচ্ছিন্ন এই হাওর জনপদে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এবং জীবন—জীবিকার প্রতিটি স্তরে যে গভীর ক্ষত তৈরি হয়েছে, তা কেবল সাময়িক ত্রাণ বা বিচ্ছিন্ন প্রকল্প দিয়ে সারানো সম্ভব নয়। এই জনপদের সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, ভৌগোলিক দুর্গমতার চেয়েও নীতিগত উদাসীনতা এবং অপরিকল্পিত উন্নয়ন ভাবনাই সুনামগঞ্জের মানুষকে পিছিয়ে রেখেছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জনশুমারি ও গৃহগণনা অনুযায়ী, সুনামগঞ্জ জেলার মোট জনসংখ্যা ২৬ লাখ ৯৫ হাজার ৪৯৬ জন, যার প্রায় ৮৫ শতাংশই গ্রামাঞ্চলে বসবাস করে। ৩ হাজার ৭৪৭ দশমিক ১৮ বর্গকিলোমিটার আয়তনের এই জেলায় ছোট—বড় মিলিয়ে শতাধিক হাওর রয়েছে। মৎস্য অধিদপ্তরের তথ্যমতে, জেলায় নিবন্ধিত জেলের সংখ্যাই প্রায় ১ লাখ, যা দেশের যেকোনো জেলার তুলনায় অন্যতম সর্বোচ্চ। অর্থনৈতিকভাবে দেশের খাদ্যভান্ডারে বিশাল অবদান রাখলেও দারিদে্র্যর মানচিত্রে সুনামগঞ্জের অবস্থান অত্যন্ত নাজুক। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর দারিদ্র্য মানচিত্রের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে বেশি দরিদ্র মানুষের বসবাস এই সুনামগঞ্জেই। জেলার শাল্লা উপজেলায় দারিদ্র্যের হার ৬০ দশমিক ৯ শতাংশ, যা জাতীয় গড় দারিদ্র্য হারের চেয়ে দ্বিগুণেরও বেশি। জলবায়ু পরিবর্তনের অভিঘাত, আগাম পাহাড়ি ঢল, ফসলহানি এবং কর্মসংস্থানের তীব্র অভাব এই জনপদের মানুষকে একটি দুষ্টচক্রে আবদ্ধ করে ফেলেছে। প্রতি বছর চৈত্র—বৈশাখ মাসে যখন কৃষকের সোনালি ধান ঘরে তোলার সময় হয়, তখনই অকাল বন্যার আতঙ্ক পুরো জেলাকে গ্রাস করে। এক ফসলি এই অঞ্চলে একটি বোরো ফসল তলিয়ে যাওয়া মানে একটি পরিবারের পুরো বছরের খাদ্য, শিক্ষা এবং চিকিৎসার পথ রুদ্ধ হয়ে যাওয়া।
সুনামগঞ্জের আর্থসামাজিক অনগ্রসরতার সবচেয়ে বড় প্রতিফলন দেখা যায় শিক্ষা খাতে। জনশুমারি’র পরিসংখ্যান বলছে, দেশে গড় সাক্ষরতার হার যেখানে ৭৪ দশমিক ৮০ শতাংশ, সেখানে সুনামগঞ্জ জেলায় সাক্ষরতার হার মাত্র ৬৪ দশমিক ৯২ শতাংশ। দেশের ৬৪টি জেলার মধ্যে সাক্ষরতার দিক থেকে সুনামগঞ্জের অবস্থান ৬১তম, যা অত্যন্ত উদ্বেগজনক। জেলার উপজেলাগুলোর মধ্যে মধ্যনগরে সাক্ষরতার হার আরও ভয়াবহ, মাত্র ৫৭ দশমিক ৭০ শতাংশ। বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো বা ব্যানবেইসের তথ্য অনুযায়ী, সুনামগঞ্জে শিক্ষক ও শিক্ষার্থীর অনুপাত ১ অনুপাত ৫২ দশমিক ৪৮ জন, যা দেশের ৬৪টি জেলার মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি নির্দেশ করে। অর্থাৎ মানসম্মত শিক্ষার জন্য যেখানে প্রতি ৩০ জন শিক্ষার্থীর বিপরীতে একজন শিক্ষক থাকার কথা, সেখানে হাওরের বিদ্যালয়গুলোতে একজন শিক্ষককে অর্ধশতাধিক শিক্ষার্থীর পাঠদান সামলাতে হচ্ছে। এর পাশাপাশি রয়েছে তীব্র শিক্ষক সংকট। জেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের শত শত পদ দীর্ঘদিন ধরে শূন্য পড়ে আছে। দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে বাইরের জেলার শিক্ষকেরা সুনামগঞ্জে পদায়ন পেলেও তদবির করে দ্রুত বদলি হয়ে চলে যান। বছরের প্রায় ছয় মাস হাওর পানিতে ডুবে থাকায় কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত চরমভাবে ব্যাহত হয়। অনেক সময় নৌকার অভাবে বা অভিভাবকদের আর্থিক অসচ্ছলতার কারণে শিক্ষার্থীরা মাসের পর মাস শ্রেণিকক্ষের বাইরে থাকে। বন্যার সময় বিদ্যালয় ভবনগুলো আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হওয়ায় পাঠদান পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফসলহানির পর দারিদে্র্যর কশাঘাতে জর্জরিত পরিবারগুলো ছেলেশিশুদের শিশুশ্রমে নিয়োজিত করে এবং কন্যাশিশুদের বাল্যবিবাহ দিতে বাধ্য হয়। ফলে প্রাথমিক পর্যায় থেকে মাধ্যমিক পর্যায়ে উত্তীর্ণ হওয়ার আগেই বিপুল সংখ্যক শিক্ষার্থী ঝরে পড়ে।
শিক্ষার মতোই ভঙ্গুর দশা জেলার স্বাস্থ্যসেবা ব্যবস্থার। প্রায় ২৭ লাখ মানুষের জন্য সুনামগঞ্জে সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রের সংখ্যা প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল। জেলা তথ্য বাতায়নের পরিসংখ্যান অনুযায়ী, জেলায় শিশুমৃত্যুর হার প্রতি হাজারে ৬২ জন এবং মানুষের গড় আয়ু মাত্র ৬২ বছর, যা জাতীয় গড়ের তুলনায় অনেক কম। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের জরিপের তথ্য বলছে, দেশে খর্বাকৃতি শিশুর হার সবচেয়ে বেশি এই সুনামগঞ্জে, যা প্রায় ৪৪ শতাংশ। অর্থাৎ হাওরের প্রায় অর্ধেক শিশুই অপুষ্টিজনিত কারণে শারীরিক ও মানসিকভাবে স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারছে না। এই ভয়াবহ স্বাস্থ্য সংকটের মূলে রয়েছে চিকিৎসক ও জনবলের চরম অভাব। সুনামগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, জেলায় চিকিৎসকের অনুমোদিত ৩৭১টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ১১২ জন, অর্থাৎ ২৫৯টি পদই শূন্য রয়েছে। জেলার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ৭৪ জন চিকিৎসকের স্থলে কর্মরত আছেন মাত্র ২৪ জন। ৫০ শয্যার শিশু ওয়ার্ডে প্রতিদিন গড়ে ২৫০ জন শিশু ভর্তি হচ্ছে, যেখানে শয্যা ও নার্সের অভাবে মেঝেতে রেখে চিকিৎসা দিতে হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর অবস্থা আরও করুণ। ধর্মপাশা, শাল্লা, তাহিরপুর বা মধ্যনগরের মতো দুর্গম উপজেলাগুলোতে বিশেষজ্ঞ চিকিৎসক তো দূরের কথা, সাধারণ চিকিৎসা কর্মকর্তাও নিয়মিত থাকেন না। কোটি কোটি টাকা ব্যয়ে কেনা আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি টেকনোলজিস্ট ও জনবলের অভাবে বছর পর বছর প্যাকেটবন্দী অবস্থায় পড়ে থেকে নষ্ট হচ্ছে। বর্ষাকালে কোনো প্রসূতি মা বা মুমূর্ষু রোগীকে উপজেলা হাসপাতাল বা জেলা সদরে নিয়ে আসতে হলে ইঞ্জিনচালিত নৌকা বা ট্রলারে করে ঘণ্টার পর ঘণ্টা উত্তাল ঢেউ পাড়ি দিতে হয়। অনেক সময় হাসপাতালে পৌঁছানোর আগেই নৌকার মধ্যেই রোগীর মৃত্যু ঘটে। শীত ও শুষ্ক মৌসুমে কাদামাটি আর ভাঙাচোরা রাস্তার কারণে অ্যাম্বুলেন্স সেবা গ্রামের ভেতরে পৌঁছাতে পারে না।
সুনামগঞ্জের শিক্ষা ও স্বাস্থ্য খাতের এই স্থবিরতার পেছনে সবচেয়ে বড় অনুঘটক হিসেবে কাজ করছে অনুন্নত ও ভঙ্গুর যোগাযোগ ব্যবস্থা। হাওরের ভৌগোলিক বৈশিষ্ট্য দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে সম্পূর্ণ ভিন্ন। এখানে বছরের ছয় মাস চলে নৌকা আর বাকি ছয় মাস চলে পায়ে হাঁটা বা মোটরসাইকেল। বিগত দশকগুলোতে হাওরের যোগাযোগ উন্নয়নের নামে যেসব প্রকল্প নেওয়া হয়েছে, তার অধিকাংশই ছিল পরিবেশ ও প্রতিবেশের সঙ্গে সাংঘর্ষিক। হাওরের বুক চিরে অপরিকল্পিতভাবে অল—ওয়েদার সড়ক বা ডুবন্ত সড়ক নির্মাণ করার ফলে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। পলি জমে নদী ও খালগুলোর নাব্যতা আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে। এর ফলে একদিকে যেমন বর্ষায় পানি নিষ্কাশন হতে না পেরে দীর্ঘস্থায়ী বন্যার সৃষ্টি হচ্ছে, অন্যদিকে শুষ্ক মৌসুমে নৌপথ সংকুচিত হয়ে পণ্য ও যাত্রী পরিবহন ব্যয়বহুল হয়ে পড়ছে। জেলার ১২টি উপজেলার মধ্যে অনেক ইউনিয়নের সঙ্গে উপজেলা সদরের সরাসরি সড়ক যোগাযোগ আজও গড়ে ওঠেনি। সুনামগঞ্জ—সিলেট আঞ্চলিক মহাসড়ক ছাড়া জেলার অভ্যন্তরীণ সড়কগুলোর অধিকাংশই খানাখন্দে ভরা এবং বন্যার পানিতে প্রতি বছর ক্ষতিগ্রস্ত হয়। রেলপথের সুবিধা থেকেও সুনামগঞ্জবাসী বঞ্চিত। ছাতক পর্যন্ত রেললাইন থাকলেও তা দীর্ঘদিন ধরে অচল বা সীমিত পরিসরে চালু রয়েছে, এবং জেলা শহরের সঙ্গে রেল সংযোগের দাবি আজও বাস্তবায়িত হয়নি। যোগাযোগের এই দুর্বলতার কারণে হাওরের কৃষক তাঁদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য পান না এবং জেলেরা মাছ বাজারজাত করতে গিয়ে মধ্যস্বত্বভোগীদের শোষণের শিকার হন।
এই বহুমাত্রিক সংকট থেকে সুনামগঞ্জ তথা পুরো হাওরাঞ্চলকে বের করে আনতে হলে সরকারকে গতানুগতিক উন্নয়ন চিন্তার বাইরে এসে একটি সমন্বিত, বিজ্ঞানভিত্তিক ও দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা গ্রহণ করতে হবে। সবার আগে প্রয়োজন হাওরের প্রকৃতি ও প্রতিবেশকে রক্ষা করে যোগাযোগ অবকাঠামো গড়ে তোলা। হাওরের বুক চিরে মাটি ভরাট করে সড়ক নির্মাণের সংস্কৃতি চিরতরে বন্ধ করতে হবে। এর পরিবর্তে পরিবেশবান্ধব উড়ালসড়ক বা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করতে হবে, যাতে নিচ দিয়ে পানির স্বাভাবিক প্রবাহ এবং নৌযান চলাচল অবাধ থাকে। যেসব ডুবন্ত সড়ক নির্মাণ করা হবে, সেগুলোতে পর্যাপ্ত সংখ্যক সেতু ও কালভার্ট রাখতে হবে। একই সঙ্গে সুরমা, কুশিয়ারা, যাদুকাটা, বৌলাই ও রক্তি নদীর মতো প্রধান নদী এবং হাওরের অভ্যন্তরীণ খালগুলো নিয়মিত ক্যাপিটাল ড্রেজিংয়ের আওতায় আনতে হবে। নদী খননের মাধ্যমে নাব্যতা ফিরিয়ে আনা গেলে বর্ষায় অকাল বন্যার প্রকোপ যেমন কমবে, তেমনি সারা বছর নিরাপদ ও সাশ্রয়ী নৌযোগাযোগ ব্যবস্থা সচল থাকবে। সুনামগঞ্জ জেলা শহর পর্যন্ত রেলপথ সম্প্রসারণের প্রকল্পটি দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করা জরুরি, যা এই অঞ্চলের অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনবে।
শিক্ষা খাতের সংকট নিরসনে হাওরের ভৌগোলিক বাস্তবতাকে বিবেচনায় নিয়ে আলাদা শিক্ষা নীতি ও শিক্ষা ক্যালেন্ডার প্রণয়ন করা সময়ের দাবি। দেশের সমতল অঞ্চলের সঙ্গে মিলিয়ে হাওরের বিদ্যালয়গুলোর ছুটির তালিকা তৈরি করলে চলবে না। বোরো ধান কাটার মৌসুমে এবং ভরা বর্ষায় যখন যাতায়াত চরম ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে, তখন বিদ্যালয়ে দীর্ঘ ছুটি রেখে শীত ও শুষ্ক মৌসুমে পাঠদানের সময় বাড়ানো যেতে পারে। হাওরের দুর্গম এলাকায় কর্মরত শিক্ষকদের জন্য বিশেষ ‘হাওর ভাতা’ বা দুর্গম এলাকা ভাতা প্রবর্তন করতে হবে এবং আবাসন সুবিধা নিশ্চিত করতে হবে, যাতে শিক্ষকেরা সেখানে থাকতে উৎসাহিত হন। নিয়োগ প্রক্রিয়ায় স্থানীয় যোগ্য প্রার্থীদের অগ্রাধিকার দিলে শিক্ষক সংকট ও বদলি প্রবণতা অনেকটাই কমে আসবে। বর্ষাকালে শিক্ষার্থীদের নিরাপদে বিদ্যালয়ে আনা—নেওয়ার জন্য সরকারিভাবে প্রতিটি ক্লাস্টারে ‘স্কুল বোট’ বা নৌকা অ্যাম্বুলেন্স চালু করা প্রয়োজন। এছাড়া, দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে উপবৃত্তির পরিমাণ বৃদ্ধি এবং বিদ্যালয়ে নিয়মিত মিড—ডে মিল চালু করা অপরিহার্য। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য উপজেলা পর্যায়ে সরকারি আবাসিক হোস্টেল নির্মাণ করা হলে দুর্গম গ্রামের শিক্ষার্থীরা নির্বিঘ্নে পড়াশোনা চালিয়ে যেতে পারবে।
স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার, আর হাওরবাসীর জন্য এই অধিকার নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া ছাড়া কোনো বিকল্প নেই। জেলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের শূন্য পদগুলো অবিলম্বে পূরণ করতে হবে। যেসব চিকিৎসক সুনামগঞ্জের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে পদায়ন পাবেন, তাঁদের জন্য আকর্ষণীয় আর্থিক প্রণোদনা, পদোন্নতিতে বিশেষ সুবিধা এবং নিরাপদ আবাসনের ব্যবস্থা করতে হবে। দুর্গম হাওরের ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকগুলোকে সচল রাখতে টেলিমেডিসিন সেবা জোরদার করা যেতে পারে, যার মাধ্যমে রোগীরা জেলা সদর বা ঢাকার বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিতে পারবেন। বর্ষাকালে জরুরি রোগী পরিবহনের জন্য প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক চিকিৎসা সরঞ্জামসমৃদ্ধ ‘ওয়াটার অ্যাম্বুলেন্স’ বা নৌ—অ্যাম্বুলেন্স সংযুক্ত করতে হবে। সুনামগঞ্জ সদর হাসপাতাল এবং নির্মিতব্য মেডিকেল কলেজ হাসপাতালকে পূর্ণাঙ্গরূপে চালু করে সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউ, সিসিইউ এবং আধুনিক ডায়াগনস্টিক সুবিধা নিশ্চিত করতে হবে। শিশু ও মাতৃমৃত্যুর হার কমাতে এবং অপুষ্টি দূর করতে গর্ভবতী মা ও শিশুদের জন্য বিশেষ পুষ্টি কর্মসূচি এবং ভ্রাম্যমাণ মেডিকেল টিম পরিচালনা করা জরুরি।
কৃষি ও অর্থনীতির টেকসই উন্নয়নের জন্য হাওরকে কেবল এক ফসলি অঞ্চলের সীমাবদ্ধতা থেকে বের করে আনতে হবে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মাধ্যমে স্বল্প জীবনকালীন ও ঠান্ডা সহনশীল উচ্চফলনশীল ধানের জাত উদ্ভাবন ও কৃষকদের মধ্যে বিনামূল্যে বিতরণ করতে হবে, যাতে চৈত্র মাসের আগেই ধান ঘরে তোলা সম্ভব হয়। ফসল রক্ষা বাঁধ নির্মাণে প্রতি বছর যে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে, তা বন্ধে স্থানীয় কৃষকদের সরাসরি সম্পৃক্ত করে স্বচ্ছ তদারকি ব্যবস্থা গড়ে তুলতে হবে এবং নভেম্বর—ডিসেম্বরের মধ্যেই বাঁধের কাজ শতভাগ সম্পন্ন করতে হবে। কৃষির পাশাপাশি হাওরে বৈজ্ঞানিক পদ্ধতিতে মৎস্য চাষ, হাঁস পালন, ভাসমান সবজি চাষ এবং কুটির শিল্পের প্রসারে সহজ শর্তে ও বিনা সুদে ঋণের ব্যবস্থা করতে হবে। হাওরের বিশাল জলরাশি ও টাঙ্গুয়ার হাওরের মতো জীববৈচিত্র্যপূর্ণ এলাকাকে কেন্দ্র করে পরিবেশবান্ধব ইকো—ট্যুরিজম গড়ে তোলা গেলে স্থানীয় তরুণদের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তবে পর্যটনের নামে যেন হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংস না হয়, সেজন্য কঠোর নীতিমালা ও নজরদারি থাকতে হবে।
লেখক: ন্যাশনাল এসোসিয়েট এন্ড কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ (বাংলাদেশ), আইএসএইচআর
উপসম্পাদকীয় থেকে আরো পড়ুন