ছাইচাপা জীবিকার পথ

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৬ ২৩:১৫

সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকানের মালামালসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে নিঃস্ব হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। দোকানগুলোই ছিল তাদের পরিবারের আয়ের একমাত্র অবলম্বন। আগুনে ব্যবসাপ্রতিষ্ঠান হারিয়ে এখন পরিবার—পরিজন নিয়ে অনিশ্চয়তায় দিন কাটানোর আশঙ্কা করছেন তাঁরা। ক্ষতিগ্রস্তরা সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।

 


অগ্নিকাণ্ডে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভাই ভাই ভেরাইটিজ স্টোর (ভূষিমালের দোকান)। দোকানটির মালিক অসিত দাস জানান, তার দোকানের সব মালামাল পুড়ে গেছে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। 

 

 

 

 


একইভাবে পুড়ে ছাই হয়েছে অন্তর স্টোরের মালিক অন্তর দাস এবং জয় নিতাই স্টোরের মালিক কানু তালুকদারের দোকানের সব মালামাল। এ ছাড়া রুদ্র এন্ড নবশ্রী কম্পিউটার, এসবি সেলুনের  মালামাল ও সরঞ্জাম পুড়ে গেছে। রুদ্র এন্ড নবশ্রী কম্পিউটারের মালিক রনদা প্রসাদ দাস এবং এসবি সেলুনের মালিক সুমন শুক্ল বৈদ্যও আগুনে সর্বস্ব হারিয়েছেন।


অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসিত দাসের চার সদস্যের পরিবার। এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তাঁর সংসার। বড় ছেলে রুহিত দাস বুলচান্দ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে এবং মেয়ে শৈবা রাণী দাস  উচ্চ বালিকা বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়াশোনা করে। দোকানের আয় থেকেই পরিবারের ভরণপোষণ ও সন্তানদের পড়াশোনার খরচ চালাতেন তিনি। এখন দোকানটি পুড়ে যাওয়ায় পরিবারের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।


একই পরিস্থিতি কানু তালুকদারের পরিবারেও। দুই মেয়েসহ চার সদস্যের সংসার তাঁর। ব্যবসাটিই ছিল পরিবারের আয়ের একমাত্র উৎস। আগুনে দোকানটি পুড়ে যাওয়ায় এখন জীবিকা নির্বাহ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন তিনি।

 


অন্যদিকে, সেলুন ব্যবসায়ী সুমন শুক্ল বৈদ্য তার মা ও দুই বোনকে নিয়ে শহরে ভাড়া বাসায় থাকেন। সুমনের পায়ে টিউমার রয়েছে।  তিনি সেলুনের ব্যবসা ছাড়া আর কিছুই করার সাধ্য নাই। সেলুনে প্রায় লাখ টাকার মালামাল ছিল।  এগুলো ক্রয় করার মতো তার কোনো ব্যবস্থা নাই।  সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে তার। তিনি চোখে অন্ধকার দেখছেন। সেলুনের আয় দিয়েই চলত তাদের সংসার। অগ্নিকাণ্ডে সেলুনটি পুড়ে যাওয়ায় পরিবারের উপার্জনের পথও বন্ধ হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হওয়ায় সরকারের সহায়তা চান তিনি। একইভাবে অন্য ব্যবসায়ীরাও নিজেদের অসহায়ত্বের কথা জানিয়ে সরকারের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন।
প্রত্যক্ষদর্শী কেউ কেউ জানিয়েছেন, আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিসের গাড়িতে পানি কম ছিল। সুরমা নদী থেকে পানি তুলতে তুলতে বিলম্ব হয়। তাতে আগুনের ভয়াবহতা আরও বাড়ে।

 


সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সুবল চন্দ্র দেবনাথ জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই পাঁচটি দোকানের সবকিছু পুড়ে যায়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার