এমপিদের ৫ কোটি টাকার বরাদ্দ বণ্টন হোক ন্যায্যতার ভিত্তিতে

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৬ ২৩:১১

সরকার প্রত্যেক সংসদ সদস্যকে ৫ কোটি টাকা করে থোক বরাদ্দ প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন। সিটি কর্পোরেশন বহির্ভুত এলাকায় উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন তহবিল থেকে এবং সিটি কর্পোরেশনভুক্ত এলাকার এমপিগণকে সিটি কর্পোরেশন উন্নয়ন সহায়তা তহবিল থেকে এই বরাদ্দ দেয়ার জন্য স্থানীয় সরকার বিভাগ থেকে অর্থ মন্ত্রণালয়ে চিঠি গেছে। এমপিরা এই টাকা থেকে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান সংস্কার, দরিদ্র মেধাবী শিক্ষার্থী ও অসহায়দের সহায়তা এবং ক্রীড়া ও সাংস্কৃতিক খাতে তাৎক্ষণিকভাবে ব্যয় করতে পারবেন। ৩০০ এমপি’র ৩০০ আসনে এ জন্য সরকারের ব্যয় হবে ১৫০০ কোটি টাকা। সংসদ সদস্যরা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি। বাংলাদেশের আমলাতান্ত্রিক ব্যবস্থাপনা এখনও সেই অর্থে গণমুখী চরিত্র ধারণ করতে পারেনি। ফলে মানুষ যেকোনো প্রয়োজনে আমলার পরিবর্তে নির্বাচিত জনপ্রতিনিধির নিকট যেতে স্বাচ্ছ্যন্দ বোধ করেন। সংসদ সদস্যদের প্রতিনিয়ত জনগণের মুখোমুখি হতে হয়। তখন স্থানীয় লোকজন এলাকার নানা সমস্যার কথা নিয়ে সহায়তা চান এমপি’র কাছে। এমপি’র যদি স্বেচ্ছাধীন কোনো তহবিল না থাকে তাহলে তাঁরা জনগণের সমস্যা সমাধানে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে পারেন না। সংসদ সদস্যকে জানিয়েও সমস্যার সমাধান না করতে পারার জন্য স্থানীয় লোকজনও এতে অসন্তুষ্ট হন। তাই মানুষের সাথে তাঁদের প্রতিনিধির সরাসরি সম্পর্ককে আরও জোরদার করতেই এমন বরাদ্দের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। সুতরাং সরকার এমপিদের থোক বরাদ্দ দানের যে সিদ্ধান্ত নিয়েছেন তাকে ভালো ও উপযুক্ত বলেই মনে করি আমরা। আর্থিক বরাদ্দ পাওয়ার সাথে সাথে এ ক্ষেত্রে সংসদ সদস্যদের দায়িত্বশীলতা আরও বেড়ে যাবে। তাঁর কাছে অনুরোধ—আবদার করার লোকের অভাব থাকবে না। সমস্যাগ্রস্ত বাংলাদেশের প্রতিটি অঞ্চলেই প্রচুর সমস্যা বিদ্যমান যা তাৎক্ষণিক সমাধান করা দরকার। মাত্র ৫ কোটি টাকা দিয়ে সংসদ সদস্য নিজ এলাকার সকল সমস্যার সমাধান করতে পারবেন না। এই জায়গায় তাঁদের খরচের অগ্রাধিকার নির্বাচনে বিচক্ষণ, নিরপেক্ষ ও স্বচ্ছ থাকতে হবে। এলাকার লোক হিসেবে একজন এমপি জানেন কোন্ কাজ আগে করতে হবে এবং কোন্ ব্যক্তির সহায়তা অধিকতর জরুরি। এই জায়গায় ন্যায্যতা প্রতিষ্ঠা করতে পারলেই সরকারি বরাদ্দের যথাযোগ্য ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে বলে আমরা বিশ^াস করি। কিন্তু বিলিয়ন ডলারের প্রশ্ন হচ্ছে, আমাদের প্রচলিত রাজনৈতিক সংস্কৃতিতে এই ন্যায্যতা বজায় রাখা কি আদৌ সম্ভব হবে ? সুতরাং ৫ কোটি টাকা বরাদ্দ প্রাপ্তির বিষয়টি একজন সংসদ সদস্যের জন্য কেবল উন্নয়ন—সংক্রান্ত ক্ষমতায়নের বিষয়ই নয় বরং এটি সুষম বণ্টনের জায়গায় বড় একটি চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে যিনি সবচাইতে বেশি সফলতা দেখাতে পারবেন তিনিই জনগণমননন্দিত হয়ে থাকবেন। উল্টো ঘটলে নির্বাচিত জনপ্রতিনিধির ব্যক্তিগত ভাবমূর্তি নিজ এলাকার ভোটারদের কাছে প্রশ্নবিদ্ধ হবে। 

 


বিভিন্ন গণমাধ্যমে গতকাল প্রকাশিত এই সংবাদে বিশেষজ্ঞরা জানিয়েছেন, ‘অভিজ্ঞতা, গবেষণালব্ধ তথ্য—উপাত্তের বিশ্লেষণ এবং গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে এটি স্পষ্ট যে, থোক বরাদ্দের সিংহভাগই উন্নয়নের নামে দলীয়করণের কাজে ব্যবহার হয়’। এই প্রবণতা অতীতে দেখা গিয়েছে। আমরা তো অতীত নিয়ে পড়ে থাকতে চাই না। সামনে অগ্রসর হতে চাই এবং অতীতের চাইতে সামনের দিনগুলোকে আরও ভালো করার জন্য অঙ্গীকারবদ্ধ। অতীতের সকল অপচর্চা পরিহার করে গণবান্ধব চর্চার সমৃদ্ধি ঘটানোই এখনকার লক্ষ্য। আমাদের নির্বাচিত জনপ্রতিনিধিরা সদা—সর্বদা এমনতর কথাই বলে থাকেন। এখন কথাকে কাজে পরিণত করে দেখানোর সময়  এসেছে। এলাকার সবচাইতে প্রয়োজনীয় উন্নয়ন কাজে কিংবা সবচাইতে দরিদ্র লোকটি কোনো ধরনের দলীয় পরিচয় বিবেচনা ছাড়াই এমপি’র এই সহায়তা পেলে আমরা বলতে পারবো— হঁ্যা, আমরা অতীতের অন্ধকার দূর করে প্রদীপ্ত ভবিষ্যৎ নির্মাণে ব্রতী হয়েছি। খারাপ দৃষ্টান্ত যদি আমাদের সামনের পথ চলা আটকে রাখে তাহলে বন্ধ্যাত্ব গ্রাস করে, তখন সবকিছুই খারাপ হতে বাধ্য। আমরা খারাপ অবস্থা থেকে ভালোয় উত্তরণ ঘটাতে চাই এবং এই জায়গায় সফলতার অনুপম দৃষ্টান্ত রেখে আমাদের বর্তমান সংসদ সদস্যরা মানুষের হৃদয় ও মন জয় করবেন বলেই আমরা বিশ^াস করি। 

 


বিশ^ ব্যাংকের ঢাকা অফিসের সাবেক লিড ইকোনেমিস্ট ড. জাহেদ হোসেন বলেছেন ্ এলাকার উন্নয়নে ভূমিকা রাখার জন্য স্থানীয় এমপির হাতে আর্থিক একটি হাতিয়ার রাখার প্রয়োজন হয়, তবে অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, এ ধরনের ক্ষেত্রে অনিয়মই নিয়ম হয়ে গেছে। আমরা এখন পুরনো অনিয়মের রাজত্বে নিয়মের পুনঃস্থাপনের প্রত্যাশা ব্যক্ত করি। একইসাথে স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিদের সাথে এ নিয়ে যাতে কোনো দ্বন্দ্ব তৈরি না হয় তাও নিশ্চিত করতে হবে।

সম্পাদকীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার