কালনীর ভয়াবহ ভাঙন

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৬ ২৩:১২

শাল্লায় হুমকিতে জামেয়া মোস্তাফিয়া মাদ্রাসা, বাজার ও জনবসতি

শাল্লা উপজেলায় কালনী নদীর ভয়াবহ ভাঙনে দারুল উলুম জামেয়া মোস্তাফিয়া হাফিজিয়া মাদ্রাসা চরম ঝুঁকিতে রয়েছে। নদীর অব্যাহত ভাঙনে মাদ্রাসার বিশাল পুকুর, পুকুরপাড়ের গাছপালা ও বাথরুম ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। দ্রুত ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা না নিলে মাদ্রাসাসহ আশপাশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনবসতি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

 


এদিকে হাফিজিয়া মাদ্রাসার পাশেই রয়েছে শাহগঞ্জ বাজার, আছলম উদ্দিন পাবলিক উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন, ক্লিনিক এবং ঘনবসতিপূর্ণ জনপদ। কালনী নদীর আগ্রাসী রূপ এসব গুরুত্বপূর্ণ স্থাপনাকেও মারাত্মক হুমকির মুখে ফেলেছে।

 


মাদ্রাসার নাইবে মুহতামিম মাওলানা মোয়াজ্জম হোসাইন জানান, কালনী নদীর তীরে অবস্থিত এই প্রতিষ্ঠানটি এখন ধীরে ধীরে নদীগর্ভে হারিয়ে যাচ্ছে। মাদ্রাসার একটি সুবিশাল পুকুর ছিল, যেখানকার ১০ লাখ টাকা আয় দিয়ে প্রতিষ্ঠানের কার্যক্রম চলত। কিন্তু পুকুরটি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় আয়ের বড় একটি উৎস বন্ধ হয়ে গেছে। ফলে এখানে অবস্থানরত এতিম শিক্ষার্থীদের তিন বেলা খাবার পরিবেশন করতে চরম হিমশিম খেতে হচ্ছে।

 


তিনি আরও জানান, ভাঙনে মাদ্রাসার প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পুকুর হারিয়ে যাওয়ায় শিক্ষক ও আবাসিক শিক্ষার্থীদের অজু, গোসল ও প্রাত্যহিক প্রয়োজন মেটানো দুরূহ হয়ে পড়েছে। বর্তমানে জরুরি ভিত্তিতে একটি টিউবওয়েল, বাথরুম ও অজুখানা নির্মাণ অত্যন্ত জরুরি। মঙ্গলবার এবিষয়ে স্থানীয় সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীর কাছে একটি লিখিত আবেদন দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

 


স্থানীয় বাসিন্দা জেনাউর শাফি বলেন, নদীভাঙন এখন আমাদের এলাকার মানুষের জন্য বড় আতঙ্ক। প্রতিনিয়ত নদীর পাড় ভেঙে বসতবাড়ি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ঝুঁকির মুখে পড়ছে। বিশেষ করে মাদ্রাসাটি রক্ষা করা অত্যন্ত জরুরি।

 


মাদ্রাসার শিক্ষক আল—আমিন আহমেদ বলেন, নদীভাঙনের কারণে মাদ্রাসার স্বাভাবিক কার্যক্রম পরিচালনা ব্যাহত হচ্ছে। আবাসিক ও এতিম শিক্ষার্থীদের নিয়ে আমরা গভীর দুশ্চিন্তায় রয়েছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি।


এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) শাখা কর্মকর্তা মো. ওবাইদুল হক বলেন, স্থায়ীভাবে নদীভাঙন রোধে একটি বড় প্রকল্প গ্রহণের প্রক্রিয়া চলছে, যার মধ্যে এই স্পটটিও অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্পটি পাস হলে নদীভাঙন কবলিত এলাকাগুলো স্থায়ীভাবে রক্ষা পাবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার