প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৬ ২১:২৩
মহান মুক্তিযুদ্ধে সুনামগঞ্জসহ ভাটি অঞ্চলের গৌরব শহীদ বীরপ্রতীক জগৎজ্যোতি দাসকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। স্ট্যাটাসের সাথে যুক্ত ছবিতে জগৎজ্যোতিকে মুক্তিযুদ্ধের প্রথম শহীদ হিসেবে উল্লেখ করেন। সোমবার বিকেলে তার দেয়া স্ট্যাটাসটি হুবহু পাঠকদের সামনে তুলে ধরা হলো।
“আমি যাই গা।”
এটাই ছিল তাঁর শেষ কথা। বয়স তখন মাত্র বাইশ। সুনামগঞ্জ কলেজের ছাত্র জগৎজ্যোতি দাস একাত্তরে হয়ে উঠেছিলেন ভাটি অঞ্চলের এক কিংবদন্তি গেরিলা যোদ্ধা।
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামে ১৯৪৯ সালের ২৬ এপ্রিল তাঁর জন্ম। সুনামগঞ্জ কলেজে পড়ার সময়ই রাজনীতি ও ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত হন। মুক্তিযুদ্ধ শুরু হলে চলে যান ভারতে। মেঘালয়ে গেরিলা প্রশিক্ষণ শেষে দেশে ফিরে ৩৬ জন তরুণকে নিয়ে গড়ে তোলেন একটি গেরিলা দল। হাওরাঞ্চলের মানুষের কাছে দলটি পরিচিত হয়ে ওঠে ‘দাস পার্টি’ নামে।
সুনামগঞ্জ, নেত্রকোণা, কিশোরগঞ্জ ও হবিগঞ্জের বিস্তীর্ণ হাওরাঞ্চল ছিল তাঁদের যুদ্ধক্ষেত্র। চারদিকে জলাভূমি, কাদা আর দুর্গম নৌপথ। অস্ত্র ও গোলাবারুদও ছিল সীমিত। এর মধ্যেই দাস পার্টির ওপর দায়িত্ব পড়ে ভাটি অঞ্চলে পাকিস্তানি বাহিনীর নৌ-চলাচল ও সরবরাহব্যবস্থা ব্যাহত করার। একের পর এক গেরিলা অভিযানে তারা হানাদার বাহিনীর যোগাযোগ ও রসদ সরবরাহব্যবস্থায় আঘাত হানে। জগৎজ্যোতির সাহসী অভিযানে একসময় পাকিস্তানি বাহিনী তাঁর মাথার দামও ঘোষণা করে।
কিন্তু বিজয়ের মাত্র ২৫ দিন আগে ঘটে যায় সেই নির্মম ঘটনা।
১৬ নভেম্বর ১৯৭১। বদলপুরে রাজাকারদের একটি দলের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে জগৎজ্যোতি ও তাঁর সহযোদ্ধারা পাকিস্তানি বাহিনীর সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েন। কয়েক ঘণ্টার লড়াইয়ে পাকিস্তানি সেনারা পিছু হটতে শুরু করলে তাঁদের ধাওয়া করেন মুক্তিযোদ্ধারা। একপর্যায়ে জগৎজ্যোতি মাত্র তিনজন সহযোদ্ধাকে নিয়ে মূল দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। পাকিস্তানি সেনারা পাল্টা আক্রমণ করলে শুরু হয় অসম এক লড়াই।
দীর্ঘক্ষণ যুদ্ধের পর তাঁর তিন সহযোদ্ধা আবু লাল, গোপেন্দ্র ও উপেন্দ্র শহীদ হন। জগৎজ্যোতির বাঁ পাঁজরেও গুলি লাগে। শরীরজুড়ে স্প্লিন্টারের যন্ত্রণা সহ্য করে তিনি শেষবার উচ্চারণ করেন "আমি যাই গা।" শহীদ হন জগৎজ্যোতি দাস।
জগৎজ্যোতি দাসকে মুক্তিযুদ্ধ চলাকালেই সর্বোচ্চ রাষ্ট্রীয় বীরত্বসূচক খেতাব ‘বীরশ্রেষ্ঠ’ হিসেবে ঘোষণা দেওয়া হয়। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ও আকাশবাণীতেও তাঁকে বীরশ্রেষ্ঠ হিসেবে উল্লেখ করা হয়েছিল। স্বাধীন বাংলাদেশের সরকার সিদ্ধান্ত পরিবর্তন করে তাঁকে বীর বিক্রম পদকে ভূষিত করে।
আজকের এইদিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের স্বাধীনতা সংগ্রামের এই নায়ককে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৯ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তী সময়ে ২০২৫ সালের ১০ ডিসেম্বর তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন।
জাতীয় থেকে আরো পড়ুন