প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬ ১৯:০৫
সংগৃহীত
সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। এ ঘটনায় হাসপাতালের প্যাথলজি বিভাগের আউটসোর্সিং কর্মী মো. মাহমুদুল হাসান লিটনকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকেলে হাসপাতালের প্যাথলজি বিভাগে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ওই নারী।
গ্রেপ্তার মাহমুদুল হাসান লিটন শহরের দক্ষিণ কাটিয়ার ঢালীপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে। ভুক্তভোগী নারী সাতক্ষীরা সদর উপজেলার ইটাগাছা এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, সোমবার সকালে ওই নারী সদর হাসপাতালের গাইনি বিভাগে চিকিৎসকের কাছে যান। চিকিৎসক তাকে তিনটি পরীক্ষা করানোর পরামর্শ দেন। দুপুর গড়িয়ে বিকেল হলে হাসপাতালের কর্মী লিটন তাকে পরীক্ষাগুলো করিয়ে দেওয়ার কথা বলে প্যাথলজি বিভাগে নিয়ে যান। সেখানে তাকে বাথরুমে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ করেছেন ওই নারী।
মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী নারী বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় মামলা করেন। এরপর পুলিশ অভিযুক্ত লিটনকে গ্রেপ্তার করে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় ভুক্তভোগী নারী ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। মঙ্গলবার দুপুরে অভিযুক্তকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) আব্দুর রহমান বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। এ ঘটনায় অভিযুক্ত কর্মীর বিরুদ্ধে বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: সমকাল.কম
জাতীয় থেকে আরো পড়ুন