প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬ ১২:২৪
সংগৃহীত ছবি
প্রথমবারের মতো জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের পর কারিগরি পরীক্ষার পরবর্তী ধাপে এগোচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট। প্রথম দফায় প্রায় সাড়ে আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর মঙ্গলবার রাত ১১টা ৫০ মিনিটে ইউনিটটিকে গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হয়। এ সময় সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে কেন্দ্রটি। পরবর্তী পরীক্ষার প্রস্তুতি হিসেবে প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর আবারও গ্রিডে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। দ্বিতীয় দফায় চার থেকে ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করে কারিগরি পরীক্ষা চালানো হবে।
নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান বুধবার এ তথ্য জানান। তিনি বলেন, মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। সংযোগের ২৯ মিনিটের মধ্যে উৎপাদন ৩৫০ মেগাওয়াটে পৌঁছায়। পরে গ্রিডের স্থিতিশীলতা বিবেচনায় তা ৩০০ মেগাওয়াটে স্থির রাখা হয়। পর্যায়ক্রমে উৎপাদন বাড়িয়ে সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াটে উন্নীত করা হয়।
জাহেদুল হাসান জানান, প্রথম দফার পরীক্ষায় টারবাইন, জেনারেটর এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা যাচাই করা হয়েছে। গ্রিডে সংযোগ দেওয়ার আগে জেনারেটর ও গ্রিডের ভোল্টেজ, ফ্রিকোয়েন্সি এবং অন্যান্য বৈদ্যুতিক বৈশিষ্ট্যের সামঞ্জস্য নিশ্চিত করা হয়। এরপর উৎপাদন বাড়িয়ে কেন্দ্রের যন্ত্রপাতি ও নিয়ন্ত্রণব্যবস্থা জাতীয় গ্রিডের সঙ্গে কতটা স্থিতিশীলভাবে কাজ করছে, তা পরীক্ষা করা হয়েছে।
তিনি আরও জানান, পরবর্তী পরীক্ষাগুলোতে প্রয়োজন অনুযায়ী উৎপাদন বাড়ানো বা কমানো হবে। কোনো কোনো পরীক্ষা সম্পন্ন করতে ইউনিট সাময়িকভাবে বন্ধ রাখারও প্রয়োজন হতে পারে। উৎপাদন ও সরবরাহে ওঠানামার সময় জাতীয় গ্রিডের ভারসাম্য রক্ষায় পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিবি) প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সেই লিখাচেভ এক বিবৃতিতে বলেছেন, রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু বাংলাদেশ ও রাশিয়া উভয় দেশের জন্য ঐতিহাসিক মাইলফলক। পারমাণবিক বিদ্যুৎ বাংলাদেশের আমদানিনির্ভর জ্বালানির ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি উন্নত প্রযুক্তির ব্যবহার, প্রকৌশল দক্ষতা ও বৈজ্ঞানিক গবেষণার বিকাশে ভূমিকা রাখবে।
বাংলাদেশ সংবাদ পরিষেবা
সূত্র: সমকাল .কম
এমডি
জাতীয় থেকে আরো পড়ুন