ফুটবলকে বিদায় জানালেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬ ১২:৩৭

সংগৃহীত ছবি 

পেশাদার ফুটবলকে বিদায় জানিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ৩৮ বছর বয়সে খেলোয়াড়ি জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন সাবেক এই চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড তারকা।

 

 

২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপজয়ী স্পেন দলের সদস্য ছিলেন মাতা। জাতীয় দলের হয়ে খেলেছেন ৪১টি ম্যাচ। ২০১২ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপজয়ী দলেও ছিলেন তিনি। ইতালির বিপক্ষে ফাইনালে ৪-০ গোলের জয়ে একটি গোলও করেছিলেন এই মিডফিল্ডার।

 

 

রিয়াল মাদ্রিদের যুবদল দিয়ে ফুটবলে পথচলা শুরু মাতার। ২০০৭ সালে যোগ দেন ভ্যালেন্সিয়ায়। এরপর ২০১১ সালের আগস্টে পাড়ি জমান চেলসিতে। স্ট্যামফোর্ড ব্রিজে দুই পূর্ণ মৌসুমেই ক্লাবের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন তিনি। চেলসির হয়ে লিগে ৮২ ম্যাচ খেলে করেছেন ১৮ গোল। জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ ও এফএ কাপ।

 

 

২০১৪ সালের জানুয়ারিতে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন মাতা। ওল্ড ট্রাফোর্ডে ২৮৫ ম্যাচে ৫১ গোল করেন তিনি। ইউনাইটেডের হয়ে জেতেন ইউরোপা লিগ, এফএ কাপ ও লিগ কাপ। ২০২২ সালে চুক্তির মেয়াদ শেষ হলে ক্লাব ছাড়েন তিনি।

 

 

এরপর তুরস্কের গালাতাসারাই ও জাপানের ভিসেল কোবেতে খেলেছেন মাতা। সবশেষ অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্স ও মেলবোর্ন ভিক্টরির হয়ে মাঠে নেমেছেন।

 

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণা দিয়ে মাতা বলেন, ‘ফুটবল কখনোই আমার জীবন থেকে চলে যাবে না। খেলাটিকে ভালোবাসা অব্যাহত রাখার অনেক উপায় রয়েছে। উন্নয়নের মাধ্যম হিসেবে ফুটবলকে কাজে লাগানোরও অনেক সুযোগ রয়েছে। আমি হয়তো পেশাদার ফুটবল খেলা বন্ধ করছি, কিন্তু কখনোই একজন ফুটবলার হওয়া বন্ধ করব না।’

 

 

মাতার অবসরের ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছে চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড। চেলসি লিখেছে, ‘কী অসাধারণ এক খেলোয়াড়!’ আর ইউনাইটেডের পক্ষ থেকে বলা হয়েছে, ‘দারুণ এক ক্যারিয়ারের জন্য অভিনন্দন, হুয়ান! তোমার পরবর্তী পথচলার জন্য ইউনাইটেডের সবাই শুভকামনা জানাচ্ছে।’
সূত্র: কালবেলা .কম
এমডি

খেলাধুলা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার