প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬ ১২:৩০
সংগৃহীত ছবি
২০২৭ সালের হজে বর্ধিত এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় হজযাত্রী নিবন্ধনের সময়সীমা নির্ধারণ করেছে ধর্ম মন্ত্রণালয়। আগামী ২২ নভেম্বর পর্যন্ত এ নিবন্ধন কার্যক্রম চলবে। গতকাল বুধবার ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্ম মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় বাংলাদেশের হজযাত্রী কোটা বাড়িয়েছে। বর্ধিত এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় হজযাত্রী নিবন্ধন ১৬ থেকে ২২ নভেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে।
টিকার জন্য ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ
২০২৭ সালের হজযাত্রীদের মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা টিকা দেওয়ার জন্য দেশের ৯০টি কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়। স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ (ফিট) হজযাত্রীদের সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত এসব কেন্দ্র থেকে টিকা নিতে হবে। গতকাল ধর্ম মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হজযাত্রীদের টিকা গ্রহণের তারিখ পরবর্তী সময়ে তাদের মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানানো হবে। টিকা নিতে যাওয়ার সময় স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট এবং হজ পোর্টাল (www.hajj.gov.bd) থেকে ই-হেলথ প্রোফাইল প্রিন্ট করে সঙ্গে নিতে হবে।
মন্ত্রণালয় প্রকাশিত ৯০টি টিকাকেন্দ্রের মধ্যে দেশের ৬৪টি জেলার সিভিল সার্জন কার্যালয় রয়েছে।
টিকা গ্রহণ ও কেন্দ্র সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য হজ কল সেন্টারের ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করতে পারবেন হজযাত্রীরা।
সূত্র: সমকাল .কম
এমডি
জাতীয় থেকে আরো পড়ুন