বাঁ‘ধ কে‘টে বরাদ্দ বাগানোর চেষ্টা করছে একটি চ‘ক্র

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬ ২০:৫৭

মাটিয়ান হাওরে পানি দ্রুত কমে যাওয়ায় সেচ ও বোরো ধান চাষ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। এ অবস্থায় তিন গ্রামের কৃষক স্বেচ্ছাশ্রমে জামলাবাজ নদীতে বাঁধ নির্মাণ করলেও রাতের অঁাধারে তা কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে হাওরের পানি ধরে রাখার উদ্যোগ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি কৃষি ও মৎস্যসম্পদ রক্ষার বিষয় নিয়ে দৈনিক সুনামগঞ্জের খবরের বিশেষ আয়োজন ‘খবরনামা’য় কথা বলেছেন হাওর ও নদী রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন। সঞ্চালনা করেন দৈনিক সুনামগঞ্জের খবরের সহকারী সম্পাদক জাহাঙ্গীর আলম।

 


দৈনিক সুনামগঞ্জের খবর: মাটিয়ান হাওরের পানি এ বছর দ্রুত কমে যাওয়ার কারণ কী? এর প্রভাব কৃষিতে কতটা পড়তে পারে?
ওবায়দুল হক মিলন: এ বছর পর্যাপ্ত বৃষ্টিপাত হয়নি। বৃষ্টির অভাব ও জলবায়ু পরিবর্তনের প্রভাব হাওরের স্বাভাবিক পরিস্থিতি বদলে দিয়েছে। কৃষির ধারাবাহিকতা নষ্ট হচ্ছে। ধান রোপণের সময় আসার আগেই বীজতলা শুকিয়ে যাচ্ছে। কৃষকদের আগাম বীজ বপন করতে হচ্ছে। পাশাপাশি নদী ও খালের গভীরতা এবং সংযোগ নষ্ট হওয়ায় পানির সংকট আরও বাড়ছে।

 


দৈনিক সুনামগঞ্জের খবর: কৃষকদের স্বেচ্ছাশ্রমে নির্মিত বাঁধ কেটে দেওয়ার ঘটনাকে কীভাবে দেখছেন?
ওবায়দুল হক: কৃষকরা নিজেদের উদ্যোগে জামলাবাজ নদীতে বাঁধ নির্মাণ করেছিলেন, যাতে হাওরের পানি ধরে রেখে কৃষিকাজ করা যায়। কিন্তু রাতের অঁাধারে সেই বাঁধ কেটে দেওয়া হয়। পরে কৃষকরা গিয়ে বিষয়টি দেখতে পান। স্থানীয় কৃষকরা আবারও বাঁধটি পুননির্মাণ করেছেন। আমরা জানতে পেরেছি, শুধু মাছ ধরার জন্য নয়, এর পেছনে আরও উদ্দেশ্য থাকতে পারে। পানি উন্নয়ন বোর্ড প্রতিবছর ফসল রক্ষা বাঁধ নির্মাণে সরকারি বরাদ্দ দেয়। বর্তমানে কোথায় কোথায় বাঁধ নির্মাণ করা প্রয়োজন, তা নিয়ে পরিমাপের কাজ চলছে। একটি সুবিধাবাদী চক্র বাঁধ কেটে সেটিকে ক্ষতিগ্রস্ত দেখিয়ে ভবিষ্যতে বরাদ্দ নেওয়ার চেষ্টা করছে বলে আমাদের কাছে অভিযোগ রয়েছে। জামালগঞ্জের দুর্লভপুরেও একইভাবে ফসল রক্ষা বাঁধ কাটার ঘটনা ঘটেছে।

 


দৈনিক সুনামগঞ্জের খবর: এসব কর্মকাণ্ডের প্রভাব সরাসরি কৃষকের ওপর পড়ছে কি?
ওবায়দুল হক: অবশ্যই। কৃষক এমনিতেই নানা সমস্যায় রয়েছেন। গত বছরের উৎপাদিত ধানও অনেকে বিক্রি করতে পারেননি। অনেক কৃষক বলছেন, আগামীতে আর কৃষিকাজ করবেন না। কারণ কৃষির ওপর তাদের সংসার, সন্তানদের পড়ালেখা ও সামাজিক জীবন নির্ভরশীল। উৎপাদিত ধানের ন্যায্য দাম না পেলে চাষাবাদ করে তাদের লাভ কী? কৃষি দিন দিন করপোরেট ব্যবস্থার দিকে চলে যাচ্ছে। সাধারণ কৃষক সেখানে আরও বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

 


দৈনিক সুনামগঞ্জের খবর: বিল শুকিয়ে মাছ ধরা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ক্ষেত্রে আইনের প্রয়োগ কতটা হচ্ছে?
ওবায়দুল হক: আইন আছে, কিন্তু মাঠপর্যায়ে তার যথাযথ প্রয়োগ দেখা যায় না। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী অপরাধের ধরনভেদে জরিমানা ও কারাদণ্ডের বিধান রয়েছে। কিছু অপরাধে তিন লাখ টাকা পর্যন্ত জরিমানা এবং গুরুতর অপরাধে পাঁচ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে। কিন্তু এসব আইন সম্পর্কে অনেকের ধারণা নেই। ইজারাদারদেরও যথাযথভাবে নীতিমালা সম্পর্কে অবহিত করা হয় না। ফলে আইনের বাস্তব প্রয়োগ নিশ্চিত হচ্ছে না।

 


দৈনিক সুনামগঞ্জের খবর: অপরিকল্পিতভাবে পানি নিষ্কাশন ও বিল শুকিয়ে মাছ ধরার ফলে হাওরের মাছের প্রজনন এবং জীববৈচিত্র্যের কী ক্ষতি হচ্ছে?
ওবায়দুল হক: হাওরে দেশি মাছের প্রজনন কমে গেছে। বিল শুকিয়ে মাছ ধরা, কীটনাশকের ব্যবহারসহ বিভিন্ন কারণে দেশি প্রজাতির মাছ হারিয়ে যাচ্ছে। এখন হাওরাঞ্চলের মানুষকেও পুকুরের পাঙ্গাস মাছ খেতে হচ্ছে। অথচ হাওরাঞ্চল একসময় দেশি মাছের জন্য পরিচিত ছিল। মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় সংশ্লিষ্ট বিভাগগুলোর দৃশ্যমান কার্যক্রম খুব একটা দেখা যাচ্ছে না।

 


দৈনিক সুনামগঞ্জের খবর: হাওরের পানি ধরে রাখা এবং কৃষকদের উদ্যোগ রক্ষায় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কী ভূমিকা নেওয়া উচিত?
ওবায়দুল হক: হাওর আমাদের সম্পদ। কৃষি, মৎস্য ও জীববৈচিত্র্য রক্ষায় সংশ্লিষ্ট সব বিভাগকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মৎস্য সুরক্ষা আইন ও পানি ব্যবস্থাপনা—সংক্রান্ত আইন কার্যকর করতে হবে। অবৈধভাবে মাছ ধরা, কারেন্ট জাল ও বৈদ্যুতিক শক দিয়ে মাছ নিধনের বিরুদ্ধে অভিযান চালাতে হবে। কৃষি বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তাদেরও সমস্যাগুলো চিহ্নিত করে কার্যকর উদ্যোগ নিতে হবে।

 


দৈনিক সুনামগঞ্জের খবর: দীর্ঘমেয়াদে মাটিয়ানসহ অন্যান্য হাওরের পানি, কৃষি ও মৎস্যসম্পদ রক্ষায় কী ধরনের উদ্যোগ প্রয়োজন?
ওবায়দুল হক: হাওরের প্রাকৃতিক জলাধার ও পানির প্রবাহ ফিরিয়ে আনতে হবে। নদী, নালা, খাল ও বিলের মধ্যে সংযোগ পুনঃস্থাপন করতে হবে। পাশাপাশি প্রাকৃতিক জলাধার বা বেসিন তৈরি করতে হবে, যাতে সংকটের সময় হাওরে পানি ধরে রাখা যায়। কৃষি বিভাগকে প্রতিটি হাওরে জরিপ করে কোথায় পানির উৎস রয়েছে, তা চিহ্নিত করতে হবে। প্রয়োজনে সেচযন্ত্রের মাধ্যমে কাছাকাছি পানির উৎস থেকে হাওরে পানি প্রবেশের ব্যবস্থা করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সব বিভাগের মধ্যে সমন্বয় থাকতে হবে। বিচ্ছিন্নভাবে কাজ করলে হাওরের সংকট সমাধান হবে না।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার