প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬ ২৩:১৩
ধর্মপাশা থেকে বিয়ে করতে নেত্রকোনার মোহনগঞ্জে গিয়েছিলেন তাওফিকুর রহমান (২৫)। দুই পরিবারের সম্মতিতে বিয়ের সব আয়োজনও সম্পন্ন হয়েছিল। কনের বাড়িতে বরযাত্রীদের আপ্যায়ন চলছিল, উপস্থিত ছিলেন কাজীও। এরই মধ্যে বরের জন্য বিশেষ মিষ্টি নিয়ে আসেন বোরকা পরা এক তরুণী। তবে মিষ্টিতে অস্বাভাবিক গন্ধ পেয়ে সন্দেহ হয় বরের। পরে ওই তরুণীর হাতে কীটনাশকের বোতল দেখতে পেয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত বিয়ে না করেই বাড়ি ফিরে আসেন বরসহ বরযাত্রীরা।
বুধবার (১৮ নভেম্বর) বিকালে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বড়তলী বানিয়াহারী ইউনিয়নের বসন্তিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
বরপক্ষের অভিযোগ, বরকে পছন্দ না হওয়ায় বিয়ে ভাঙার উদ্দেশ্যে কনের এক বান্ধবীকে দিয়ে মিষ্টিতে বিষ মেশানোর চেষ্টা করা হয়েছে। তবে মিষ্টিতে বিষের উপস্থিতি এখনো নিশ্চিত হওয়া যায় নি।
বর তাওফিকুর রহমান ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেরীকান্দী গ্রামের সিদ্দিক আলীর ছেলে। কনে সাদিয়া আক্তার (২০) নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার বসন্তিয়া গ্রামের নিজাম উদ্দিন ওরফে ওলামের মেয়ে।
বরের পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার বিকাল ৩ টার দিকে তারা তাওফিকুর রহমানকে নিয়ে কনের বাড়িতে পৌঁছান। বিয়ে পড়ানোর জন্য কাজীও উপস্থিত ছিলেন। বরযাত্রীরা খাওয়া দাওয়া করছিলেন। এ সময় বোরকা পরা এক তরুণী মিষ্টি নিয়ে এসে জানান, এসব মিষ্টি শুধু বর খাবেন, অন্য কেউ নয়।
বরের চাচাতো ভাইয়ের ভাষ্য মিষ্টি মুখে দেওয়ার সময় তাতে অস্বাভাবিক গন্ধ পান বর। বিষয়টি জানালে তারা মিষ্টিতে বিষ মেশানোর সন্দেহ করেন। এ সময় ওই তরুণীর হাতে একটি কীটনাশকের বোতলও দেখতে পান তারা। পরে মিষ্টি রেখে ওই তরুণী দ্রুত সটকে পড়েন।
তিনি আরও বলেন, বিষয়টি কনেপক্ষকে জানিয়ে ওই তরুণীকে খোঁজাখুঁজি করা হলেও তাকে পাওয়া যায় নি। কনের পরিবারের লোকজনও তাকে চেনেন না বলে জানান। এ ঘটনায় আতঙ্কিত হয়ে তারা বরকে নিয়ে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। পরে বিয়ে না করেই বাড়ি ফিরে আসেন। দুই পরিবারের আলোচনার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বে থাকা উপ—সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শহীদুল ইসলাম বলেন, বিকাল চারটার দিকে তাওফিকুর রহমান নামের এক যুবক জরুরী বিভাগে আসেন। তার স্বজনেরা জানান, বিয়ের অনুষ্ঠানে তাকে বিষ মেশানো মিষ্টি দেওয়া হয়েছিল। তবে তিনি মিষ্টিটি খাননি। ভীত ও মানসিকভাবে হতাশাগ্রস্ত অবস্থায় আসা ওই যুবককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য সাইদুল ইসলাম বলেন, বরপক্ষের অভিযোগ মিষ্টিতে বিষ মেশানো ছিল। তবে মিষ্টিতে আদৌ বিষ ছিল কি না তা এখনো নিশ্চিত হওয়া যায় নি। এ ঘটনার পেছনে অন্য কোনো রহস্য রয়েছে কি না সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।
বড়তলী বানিয়াহারী ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান সোহাগ তালুকদার বলেন, বরকে পছন্দ না হওয়ায়, কনে এক তরুণীকে দিয়ে বিয়ে ভাঙার চেষ্টা করেছেন বলে তিনি শুনেছেন। তবে তিনি নিজে ঘটনার সত্যতা নিশ্চিত হতে পারেননি।
এ বিষয়ে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, এ ধরনের কোনো ঘটনার কথা তার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন