প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬ ২৩:১১
চাকুরি না দৌড়, এই কঠিন প্রশ্নে নির্দ্ধিধায় মাসুক আমিন নিশ্চিত রোজগারের অবলম্বন চাকুরি ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিলেন। আর দৌড়কে করে নিলেন আপন সাধনার উপলক্ষ্য। গতকাল দৈনিক সুনামগঞ্জের খবরে দৌড়বিদ মাসুক আমিনের গল্পগাথা প্রকাশিত হয়েছে । এই সংবাদ এমন এক ব্যক্তির গল্প যিনি সহজেই কঠিন পথ বেছে নিতে পারেন। আর দশটা মানুষের মতো তিনি গতানুগতিক চিন্তা করেন না। নিজের মন থেকে স্বাধীনভাবে যে সিদ্ধান্ত আসে তাকেই আলিঙ্গন করেন। ২৬ বছরের কর্পোরেট চাকুরি ছেড়ে দৌড়ের ভালোবাসার বন্ধনে আবদ্ধ হন তিনি। বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষ্যে আয়োজিত দূর—দৌড় (ম্যারাথন) দিয়ে নিজস্ব যে ভালোবাসা তৈরি হয়েছিলো তা আজ তিনি সকলের স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছেন। চাকুরি এখন আর তাঁর ইচ্ছা পূরণের বাধা নয়। নিজের মতো করে পরিকল্পনার মাধ্যমে এগোতে পারবেন। সুনামগঞ্জে জন্ম তাঁর, বসবাস সিলেটে। তাই সুনামগঞ্জ ও সিলেটে গড়ে তুলেছেন দুইটি দৌড় সংগঠন। দুই সংগঠনে দৌড়বিদের সংখ্যা শতাধিক বলে জানিয়েছেন তিনি। আগামী ১৭ ডিসেম্বর কক্সবাজারের মেরিন ড্রাইভে আয়োজিত ১০০ কিলোমিটার ম্যারাথনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন তিনি। করোনা মহামারির সময় তাঁর দৌড়ের প্রতি ভালোবাসা জাগ্রত হয় যা ধীরে ধীরে নেশায় পরিণত হয়েছে। তাঁর মতে, ‘এখন ডায়াবেটিস আরেক মহামারি। শহুরে তরুণরাও আক্রান্ত হচ্ছেন। এর অন্যতম কারণ আমাদের অভ্যাসগত অসচেতনতা। শহুরে জীবনে হাঁটাচলা কমে যাওয়ায় নানা রোগব্যাধিতে আক্রান্ত হতে হচ্ছে। যেহেতু চাকুরি করছি না, তাই স্বাধীনভাবে স্বাস্থ্য সচেতনতার বার্তা পৌঁছে দিতে চাই’। তাঁর এই মহৎ উচ্ছার প্রতি আমাদের সংহতি।
নাগরিক জীবন এখন বহুলাংশে যন্ত্রনির্ভর। আগে যেসব কাজ হাতে করতে হতো এখন তা যন্ত্রের আধিপত্যে চলে গেছে। এক কদম হাঁটার চিন্তা করেন না অনেকে। শারীরিক পরিশ্রম কমে যাওয়ায় শরীরের স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হচ্ছে, ফলে নানা ধরনের অসুখে আক্রান্ত হওয়ার পরিমাণও বাড়ছে। মানুষের গড় আয়ু বেড়েছে বটে, কিন্তু রোগগ্রস্ততা কমেনি এক বিন্দুও। চিকিৎসকদের চেম্বারে গেলে রোগীর গা ঠাসাঠাসি ভীড় থেকে বুঝতে পারা যায় রোগের প্রকোপ বাড়ার অবস্থা। অথচ কেবল অভ্যাসগত পরিবর্তনের মাধ্যমে বহু ধরনের রোগ থেকে রেহাই পাওয়া যায়। একটি কথা আছে— সাধারণ স্বাস্থ্য ভালো থাকলে অন্য রোগ দূরে থাকে। অর্থাৎ মানুষ যদি ওজন কাম্য পরিমাণে রাখতে পারে, পরিমিত খাবার গ্রহণ করে, ভেজাল খাবার পরিহার করে, প্রতিদিন নিয়ম করে একটু ব্যায়াম ও হাঁটা বজায় রাখে, ধূমপানসহ নেশামুক্ত জীবন গড়ে তুলতে পারেন; তাহলে চিকিৎসকের চেম্বারে রোগীর সংখ্যা যে অনেক কমে যাবে তা হলফ করে বলা যায়। কিন্তু কে শুনে কার কথা। সকলেই সাময়িক স্বাচ্ছন্দ্য, তৃপ্তি এবং উপভোগকে গুরুত্ব দিতে গিয়ে নিজের কতো বড় সর্বনাশ ঘটাচ্ছেন তা জানতেও পারছেন না। যখন জানতে পারেন তখন সারা জীবনের সঙ্গী হয়ে যায় এক গাদা ওষুধ। এই এক গাদা ওষুধ ধরিয়ে দিয়ে বিপুল বাণিজ্যের যে ছক এঁটেছে বৈশি^ক মুনাফুমুখী অর্থনীতি, আমরা সে বিষয়ে বেমালুম অজ্ঞ হয়ে বসে থাকতে পারি। সকলেই জানেন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, গ্যাসট্রিকসহ আরও কিছু ধরনের রোগ থেকে রক্ষা পাওয়া যায় জীবনাচরণ পরিবর্তনের মধ্য দিয়ে। মানুষের শরীর নিজে নিজেকে রক্ষা করতে প্রাকৃতিকভাবে সক্ষম। এই শরীরের উপর যখন আমরা অবাঞ্ছিত উপদ্রব যুক্ত করি তখন শরীর তো উল্টোপাল্টা করবেই। তাই বিশ^ব্যাপী সুস্থ্যভাবে বেঁচে থাকতে প্রাকৃতিক পদ্ধতির উপর গুরুত্ব দেয়া হচ্ছে। মাসুক আমীন সমাজের ওই অগ্রসর চিন্তার মানুষদেরই একজন। তিনি চান ওষুধ নয়, নিজে নিজেকে রক্ষা করো। সুস্থ্যভাবে বাঁচো, আনন্দে বাঁচো।
তাঁর সংগঠনের নাম রানিং কমিউনিটি। সুনামগঞ্জে শরীরচর্চার জন্য নানা ধরনের সংগঠন ও ব্যক্তিগত সচেতনতা বাড়ার সন্তোষজনক অবস্থা লক্ষ্য করা যাচ্ছে। প্রভাতী হাঁটার নানা সংগঠন গড়ে উঠেছে এই শহরে। সকলকেই মাসুক আমীনের মতো পেশাদার দৌড়বিদ হতে হবে তা নয়। কিন্তু তাঁর নিকট থেকে অনুপ্রেরণা গ্রহণ করে নিজেকে রক্ষা করার উপায় জানা সম্ভব। বিশেষ করে পড়ন্ত বয়সের ব্যক্তিদের যতটুকু সম্ভব চলাফেরার মধ্যে থাকা অতিশয় জরুরি বলে আমরা মনে করি। বিচ্ছিন্নতার এই সময়ে সুস্থ্য থাকা খুব জরুরী। অসুস্থ্য শয্যাশায়ী ব্যক্তির পরিচর্যার জন্য পরিবারে কাছের লোকের বড়ই অভাব। এই বিচ্ছিন্ন ও একাকী জীবনের অন্যতম রক্ষাকবচ হলো নিরন্তর নিজেকে সচল রাখা। মাসুক আমীন মানুষের সচেতনতা বাড়েনোর কাজে সফল হোন এই আমাদের কামনা।
সম্পাদকীয় থেকে আরো পড়ুন