নতুন পরিচয়ে বুবলী

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬ ১১:৩৯

সংগৃহীত ছবি 

ক্যামেরার সামনে থেকে পেছনে। পরিচিত নায়িকা থেকে নতুন পরিচয়ের প্রযোজক। শবনম ইয়াসমিন বুবলীর ক্যারিয়ারে যোগ হলো নতুন অধ্যায়। অভিনয়ের বাইরে এবার গল্প নির্বাচন ও নির্মাণের কাজেও যুক্ত হলেন তিনি। নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ‘বিগ প্রোডাকশন্স’ নিয়ে শুরু করেছেন নতুন পথচলা। প্রতিষ্ঠানটির প্রথম নির্মাণ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠিকানা’ জায়গা করে নিয়েছে ২৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্যানোরামা ট্যালেন্ট বিভাগে।

 

 

গত ২০ নভেম্বর ছিল বুবলীর জন্মদিন। বিশেষ এই সময়েই সামনে এসেছে তার প্রযোজক পরিচয়ের খবর। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক লোগো প্রকাশ করে নতুন যাত্রার ঘোষণা দেন তিনি। প্রথম কাজের উৎসব নির্বাচনের খবরও ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। বুবলীর ভাষ্য, এই স্বীকৃতি নতুন উদ্যোগে কাজ করার অনুপ্রেরণা জোগাবে। ভবিষ্যতে আরও ভালো ও মানসম্মত কাজ দর্শকদের উপহার দিতে চান তিনি।

 

 

তবে ‘বিগ প্রোডাকশন্স’-এর পরিকল্পনা আপাতত ‘ঠিকানা’ ঘিরেই। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ কিংবা পরবর্তী প্রকল্প নিয়ে বিস্তারিত কিছু জানাননি বুবলী। প্রথম কাজের উৎসবযাত্রার মধ্য দিয়েই প্রযোজক হিসেবে তার অভিষেক ঘটছে।

 

 

অন্যদিকে মাতৃত্বকালীন বিরতি শেষে অভিনয়ে ফেরার প্রস্তুতিও চলছে। গত ৫ জুন সামাজিক মাধ্যমে দ্বিতীয়বার মা হওয়ার খবর জানান এই অভিনেত্রী। তার দেওয়া তথ্য অনুযায়ী, গত ১১ মে কন্যাসন্তানের জন্ম হয়। মেয়ের নাম শারলিন খান। এর আগে ২০২০ সালের ২১ মার্চ ছেলে শেহজাদ খান বীরের জন্ম হয়।

 

 

নতুন সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরতে পারেন বুবলী। পরিচালক জাহিদ হোসেনের ‘ঢাকাইয়া দেবদাস’ হতে পারে তার প্রত্যাবর্তনের ছবি। পুরান ঢাকার ঐতিহ্য, সমাজ ও সংস্কৃতি ঘিরে নির্মিত হবে সিনেমাটি। পরিচালকের পরিকল্পনা অনুযায়ী, আগামী জানুয়ারিতে ছবিটিতে বুবলীর অংশের শুটিং হওয়ার কথা।

 

 

এদিকে শরিফুল রাজের সঙ্গে আবারও জুটি বাঁধার আলোচনাও রয়েছে। তানিম রহমান অংশুর ‘লিম্বো’ সিনেমায় তাদের একসঙ্গে দেখা যেতে পারে বলে গুঞ্জন চলছে। যদিও নির্মাতা বা শিল্পীদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

 

 

বুবলীর পথচলা শুরু হয়েছিল বাংলাভিশনের সংবাদপাঠিকা হিসেবে। ২০১৬ সালে ‘বসগিরি’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তার। ছবিটির জন্য মেরিল-প্রথম আলো পুরস্কারে শ্রেষ্ঠ নবীন অভিনয়শিল্পীর স্বীকৃতি পান। এরপর একাধিক বাণিজ্যিক ও ভিন্নধর্মী সিনেমায় অভিনয় করেছেন।
সূত্র: খবরের কাগজ .কম
এমডি

সাহিত্য ও সংস্কৃতি থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার