প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬ ১৩:৪৬
সংগৃহীত ছবি
গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি হয়েছেন গুণী নাট্যকার, চিত্রনাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু। দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত তিনি। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। এ কারণে তাকে জরুরি ভিত্তিতে আইসিইউতে নেওয়া হয়।
শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। এর আগে হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন ছিলেন তিনি। সংস্কৃতিকর্মী এরশাদুল হক টিংকু বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, শুকুর শরীরে অক্সিজেনের মাত্রা আশঙ্কাজনকভাবে কমে গেছে। ক্যানসার ছড়িয়ে পড়ায় তাকে প্রতি মিনিটে ১৫ থেকে ২০ লিটার অক্সিজেন দিতে হচ্ছে। চিকিৎসকেরা তার শরীরে সিভি লাইন স্থাপনের অনুমতি পেয়েছেন। তবে লাইফ সাপোর্ট দেওয়ার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এদিকে শুকুর চিকিৎসার জন্য সরকারের সহযোগিতা চেয়েছেন তার স্বামী নির্মাতা নূরুল আলম আতিক। তিনি জানান, নাটক ও চলচ্চিত্র নির্মাতাদের কোনো পেনশন ব্যবস্থা নেই। হঠাৎ ক্যানসারের মতো জটিল রোগে আক্রান্ত হলে পরিবারের ওপর বড় ধরনের আর্থিক চাপ তৈরি হয়। তাদের পরিবারও এখন সেই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।
আতিক বলেন, শুকুকে চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়েছিল। সেখানে অনেক টাকা খরচ হয়েছে। দীর্ঘদিন ধরে চিকিৎসা চালিয়ে যেতে হবে। এ অবস্থায় সরকারের সহযোগিতা পেলে তারা কৃতজ্ঞ থাকবেন।
মাতিয়া বানু শুকু ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা। তার স্বামী নির্মাতা নূরুল আলম আতিক। তাদের তিন সন্তান রয়েছে।
টেলিভিশন নাটকের চিত্রনাট্যকার ও পরিচালক হিসেবে দীর্ঘদিনের পরিচিতি রয়েছে শুকুর। ‘লাবণ্য প্রভা’ ধারাবাহিকের চিত্রনাট্য লিখে বিশেষ পরিচিতি পান তিনি। ২০০৮ সালে এনটিভিতে প্রচারিত ‘টু লেট’ দিয়ে পরিচালক হিসেবে যাত্রা শুরু করেন। তার উল্লেখযোগ্য কাজ ‘গোল্লাছুট’ ও ‘একটা কিনলে আরেকটা ফ্রি’। এ ছাড়া জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সিনেমা ‘লাল মোরগের ঝুঁটি’র প্রযোজকও তিনি।
সূত্র: খবরের কাগজ .কম
এমডি
সাহিত্য ও সংস্কৃতি থেকে আরো পড়ুন