ফ্যা'সি'স্ট'দে'র বি'রু'দ্ধে দলমত-নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়তে হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬ ১০:৪৬

সংগৃহীত ছবি

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ফ্যাসিস্ট সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে সমূলে উৎখাত না করলে দেশের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, নিরীহ মানুষের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া এবং দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা দেশের ইতিহাসে জঘন্যতম অধ্যায়। এই অপশক্তির বিরুদ্ধে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

 

 

রোববার (২২ নভেম্বর) বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

 

আরিফুল হক চৌধুরী বলেন, পলাতক স্বৈরাচার শেখ হাসিনার দেশে ফেরার কথিত কাল্পনিক প্রচারণাকে কেন্দ্র করে নাটক সাজিয়ে ফ্যাসিস্টরা তাণ্ডব চালিয়েছে। তাদের এসব কর্মকাণ্ড প্রমাণ করে, দেশ ও জাতির প্রতি তাদের কোনো দায়িত্ববোধ নেই। পরিকল্পিত এই নৈরাজ্য কোনো অবস্থাতেই বরদাশত করা হবে না। ফ্যাসিস্ট অনুসারীদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সোচ্চার ভূমিকা রাখতে হবে। যেমন কুকুর তেমন মুগুর, তাদের ডান্ডা মেরে ঠান্ডা করতে হবে।

 

 

তিনি আরও বলেন, নিষিদ্ধ হওয়ার যন্ত্রণা সইতে না পেরে আওয়ামী লীগ সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। অতীত কর্মকাণ্ডের জন্য অনুশোচনা না করে তারা বিভিন্ন স্থানে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। তাদের নেত্রী বিদেশে পালিয়ে গিয়ে অনুসারীদের অগ্নিসন্ত্রাসে ঠেলে দিয়েছেন। নিজ জন্মভূমি টুঙ্গিপাড়াকে ধ্বংস করে তারা নিজেদের নির্মমতা, আত্মঘাতী ও বিবেকহীনতার পরিচয় দিয়েছে।

 


আওয়ামী লীগের শাসনামলের সমালোচনা করে মন্ত্রী বলেন, ১৬-১৭ বছর ক্ষমতায় থাকাকালে তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় স্বার্থে ব্যবহার করেছে। নিজেদের পছন্দের লোকদের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে লুটপাট ও রাষ্ট্রীয় সম্পদ আত্মসাতের সুযোগ করে দিয়েছে। দেশের সম্পদ নিঃশেষ করেছে। দীর্ঘদিনের অপশাসন ও অত্যাচারে অতিষ্ঠ হয়ে মানুষ তাদের দেশ থেকে বিতাড়িত করেছে। এত বছর ধরে তারা বিপুল অর্থ ও সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছে। এখন বিভিন্ন স্থানে লুকিয়ে থেকে বিচ্ছিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছে।

 

 

বিএনপির আন্দোলন-সংগ্রামের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দীর্ঘ ১৭-১৮ বছর বিরোধী দলে থেকেও বিএনপি পুলিশের অত্যাচার, গুম, খুন ও অসংখ্য মামলার মুখে রাজপথ ছাড়েনি। হাজার হাজার নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন, অনেকে জীবন দিয়েছেন। কিন্তু বিএনপি রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলনের পথ থেকে সরে যায়নি। অথচ আওয়ামী লীগের কোনো স্বাভাবিক রাজনৈতিক কর্মসূচি নেই। তাদের কর্মকাণ্ডে রাজনীতির কোনো চিহ্ন নেই, আছে শুধু সন্ত্রাস।

 

 

সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, কেন্দ্রীয় সহ-ক্ষুদ্রঋণ ও কুটিরশিল্পবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রাজ্জাক এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম।

 

 

এ ছাড়া বক্তব্য দেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি এবং জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও পিপি অ্যাডভোকেট আশিক উদ্দিন আশিক। সভায় জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান হেকিম চৌধুরী, জেলা বিএনপির সহসভাপতি আশিক চৌধুরী, মাহবুবুর রব ফয়ছলসহ জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সূত্র:কালবেলা .কম
 এসএ

সিলেট থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার