প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬ ১৪:১৯
প্রধানমন্ত্রী তারেক রহমানের সুনামগঞ্জ সফর উপলক্ষে দেশীয় খেলাধুলা বা ‘কান্ট্রি গেমস’ আয়োজন সফল করতে প্রস্তুতিমূলক সভা হয়েছে। এতে কুস্তিসহ দেশীয় ঐতিহ্যবাহী খেলাধুলার পাশাপাশি নানা আয়োজনের বিষয়ে আলোচনা হয়।
বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ডক্টর মোহাম্মদ শাহানুর আলম বলেন, ‘এবার জাতীয় পর্যায়ের একটি আয়োজন সুনামগঞ্জে করার সুযোগ এসেছে।
কুস্তি খেলার পাশাপাশি আরও কিছু আয়োজন থাকবে।
এটি সুনামগঞ্জের জন্য বিশাল পাওয়া। জেলা প্রশাসকের নেতৃত্বে আয়োজনটি সুন্দর ও সফল হবে বলেই আমরা বিশ্বাস করি।’ জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সুনামগঞ্জে আসবেন, তা আমরা সবাই জানি।
কান্ট্রিগেমস অর্থাৎ আমাদের দেশীয় খেলাধুলাগুলো ফিরিয়ে আনতেই তিনি এই উদ্যোগ নিয়েছেন।
আমরা সেই উদ্যোগ সফল করতে এবং ওইদিন দেশীয় খেলাধুলা উপভোগ করতে সবার সহযোগিতা কামনা করছি।’ পুলিশ সুপার এবিএম জাকির হোসেন তার বক্তব্যে দেশীয় সংস্কৃতি ও সংগীতের মাধ্যমে প্রধানমন্ত্রীকে বরণ করার প্রস্তাব দেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এই এলাকার জামাই। তাঁকে বরণ করতে ‘আইলারে নয়া দামান আসমানেরও তেরা’ কোন একটি পরিবেশনায় যুক্ত করা যেতে পারে।
স্থানীয় ছেলে-মেয়েরা সুন্দর পোশাকে গানটি পরিবেশন করলে আয়োজনটি আরও আকর্ষণীয় হবে। প্রধানমন্ত্রীর সহধর্মিণীও উপস্থিত থাকলে তিনি আরও আনন্দিত হবেন বলে আশা প্রকাশ করেন পুলিশ সুপার।
সভায় কান্ট্রি গেমস আয়োজনকে সফল ও উৎসবমুখর করতে সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগ, প্রস্তুতি এবং সবার সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মতিউর রহমান খান, এডিএম সুনজিত কুমার চন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) শাকিলা রহমান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব ) তাপস শীল,
সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দীন মুর্শেদ, পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, এসআরবি -৯ এর এএসপি মো. রোকনুজ্জামান,সিলেট বিভাগের বিকেএসপি এর উপপরিচালক মো. শহিনুল হক,
সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম,
সুনামগঞ্জ -৪ আসনের সাংসদ অ্যাড. নুরুল ইসলাম নুরুলের প্রতিনিধি আকবর আলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজী নাসিম উদ্দিন লালা, বিএনপি নেতা নজরুল ইসলাম, অধ্যক্ষ শেরগুল আহমদ, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ দে, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক খলিল রহমান প্রমুখ । এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং ক্রীড়ামোদীরা উপস্থিত ছিলেন
উপজেলার খবর থেকে আরো পড়ুন