হত্যাকারীদের বিচার চান  শহীদ আয়াতুল্লাহর পরিবার

প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২৪ ২২:১৭

সু.খবর ছবি

‘সবার ছোডু ছেরা আমার আয়াতুল্লাহ। হে আমার কলিজার টুকরা সন্তান আছিন। তাঁরে নিয়া আমার অনেক স্বপ্ন আছিন। একদিন সে বড় হইয়া চাকরি কইরা সংসারের হাল ধরব। কিন্তু আমার হেই স্বপ্ন আর পূরণ হইলনা। ছাত্র আন্দোলনের পক্ষে যাইয়া আমার আয়াতুল্লাহ আনসার বাহিনীর গুলিতে শহীদ হইছে। যারা আমার আয়াতুল্লাহকে গুলি কইরা মারছে, সেই হত্যাকারীদের বিচার চাই।’ 

 


এভাবেই কান্নামিশ্রিত কণ্ঠে কথাগুলো জানাচ্ছিলেন মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের জলুসা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আয়াতুল্লাহর মা সুভা আক্তার (৫২)।

 


এর আগে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর আনন্দ মিছিল অংশগ্রহণ করতে গিয়ে গাজীপুর জেলার আনসার ভিডিপি একাডেমির সামনে আনসার বাহিনীর গুলিতে গুলিবিদ্ধ হয়ে নিখোঁজ হয় আয়াতুল্লাহ। নিখোঁজের ১১ দিন পর রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আয়াতুল্লাহর মরদেহের সন্ধান পায় তাঁর পরিবারের লোকজন। আয়াতুল্লাহ তাঁর বড়ভাই সোহাগ মিয়ার সাথে গাজীপুরের কালিয়াকৈরে জামতলা এলাকায় বসবাস করত। তার পাশাপাশি সেখানে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ করতো।
আয়াতুল্লাহর বড়ভাই সোহাগ মিয়া বলেন, আমার ভাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে শহীদ হয়েছে, এখন তাকে তো আমরা ফিরে পাব না। আমার ভাই আয়াতুল্লাহসহ যারা সন্ত্রাসী বাহিনীর গুলিতে মারা গেছেন। সেসব হত্যাকারীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি এবং এই আন্দোলনে যারা শহীদ হয়েছে প্রত্যেককে যেন শহীদদের মর্যাদা রাষ্ট্রীয়ভাবে দেওয়া হয়।

 


সোমবার দুপুরে শহীদ আয়াতুল্লাহর পরিবারকে সমবেদনা জানাতে তার পরিবারের সাথে দেখা করেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা ও মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন জানান, আমরা শহীদ আয়াতুল্লাহর শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে তাঁর বাড়িতে গিয়েছিলাম। এই পরিবারের  জন্য সরকারি সকল সুযোগ সুবিধা নিশ্চিত করা সহ তাঁদের দাবি-দাওয়ার বিষয়ে সরকারের যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে আশ্বস্ত করেছি।

 


উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা বলেন, শহীদ আয়াতুল্লাহর পরিবারকে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা করা হবে। স্থানীয় যারা আছেন তারাও যেন পরিবারটির প্রতি সহমর্মিতার হাত বাড়িয়ে দেয়।
 

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার