‘দ্য হাউজবোট’ কে ৩৬ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৬ ২২:২৬

কঠিন বর্জ্য (সলিড ওয়েস্ট) দ্বারা পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থার ক্ষতিসাধন করার অপরাধে ‘দ্য হাউজবোট’ নামের একটি নৌযানকে ৩৬ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিত এনফোর্সমেন্ট শুনানিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ‘বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত—২০১০)’—এর ০৭ ধারার আলোকে এ ক্ষতিপূরণ ধার্য করা হয়।

 


পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আবুল কালাম আজাদ জানান, পরিবেশ রক্ষায় এই শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে কঠিন বর্জ্য ফেলে পরিবেশের ভারসাম্য নষ্ট করার সত্যতা পাওয়ায় ‘দ্য হাউজবোট’ কে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


ধার্যকৃত ক্ষতিপূরণের অর্থ নির্ধারিত কোডে ‘এ’ চালানের মাধ্যমে সরকারি কোষাগারে আগামী সাত কার্যদিবসের মধ্যে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জরিমানা পরিশোধে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়।

 


এর আগে গত ১৮ আগস্ট ‘হাউজবোট থেকে হাওরে প্লাস্টিক বর্জ্য ফেলার ভিডিও ফেসবুকে ভাইরাল’ শিরোনামে সংবাদ প্রকাশ হয় স্থানীয় গণমাধ্যমে। এতে উল্লেখ করা হয়— টাঙ্গুয়ার হাওরে ইচ্ছাকৃতভাবে হাউজবোটের ব্যবহৃত প্লাস্টিক ও পলিথিনের বর্জ্য ফেলার সময় প্রতিবাদ করেন স্থানীয় এক ব্যক্তি। সেসময় নিজ মোবাইলে সেই চিত্রটিও ধারণ করে পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করেন। হাউজবোট থেকে এভাবে প্লাস্টিক ফেলার ভিডিও ছড়িয়ে যায় মূহুর্তেই। সমালোচনা করেন পরিবেশকর্মী ও নেটিজনেরা। তাদের পাশাপাশি ভিডিওটি নজরে আসে পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ কার্যালয়ের। ব্যবস্থা নিতে স্বপ্রণোদিত হয়ে চিঠি পাঠানো হয় বিভাগীয় কার্যালয়ে। জেলা কার্যালয়ের চিঠির প্রেক্ষিতে সোমবার টাঙ্গুয়ার হাওরের প্রতিবেশ বিনষ্টের দায়ে কেন মামলা ও জরিমানা করা হবে না সেই কারণ দর্শানোর নোটিশ দেয়া হয় পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়।

 


চিঠিতে জানানো হয়, ৭ আগস্ট টাঙ্গুয়ার হাওরে ওয়ালী উল আমীন এর মালিকানাধীন ‘দ্য হাউজবোট’ নামীয় দুইতলা বিশিষ্ট হাউজবোট এবং পলিথিন ও প্লাস্টিক বর্জ্য দ্বারা টাঙ্গুয়ার হাওরের পরিবেশ দূষিত হওয়ার ঘটনাটি সরেজমিন পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে পরিবেশ আইন পরিপন্থী নিষিদ্ধ ঘোষিত পলিথিন ও প্লাস্টিকের বোতল ফেলে টাঙ্গুয়ার হাওরের পরিবেশ দূষণ করার অপরাধ সংগঠনের প্রমাণ পাওয়া যায়। যা বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত—২০১০) এর ৬(ক) লংঘন এবং একই আইনানুসারে দন্ডনীয় অপরাধ। একারণে কেন বর্ণিত আইনানুযায়ী প্রতিবেশ ব্যবস্থার ক্ষতি সাধনের জন্য ক্ষতিপূরণ আরোপসহ সংশ্লিষ্ট থানায় বা বিজ্ঞ আদালতে মামলা দায়ের করা হবে না তা আগামী ২৪ আগস্ট বিভাগীয় কার্যালয়ে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ শুনানীতে অংশ গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হয়।

 


এছাড়াও শুনানিতে পরিবেশগত ছাড়পত্র ছাড়া প্রতিষ্ঠান পরিচালনা করায় দুটি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা, সময়মতো ছাড়পত্র নবায়ন না করে কার্যক্রম চালানোয় সাত টি প্রতিষ্ঠানকে দুই লাখ ৭০ হাজার টাকা, পরিবেশ ছাড়পত্রের প্রদত্ত শর্ত ভঙ্গ করায় ছয় টি প্রতিষ্ঠানকে পাঁচ লাখ ১৫ হাজার টাকা, তরল বর্জ্যের মাধ্যমে পরিবেশ দূষণ ঘটানোর অপরাধে তিনটি টি প্রতিষ্ঠানকে এক লাখ ৪২ হাজার ৮০০ টাকা, মাত্রাতিরিক্ত শব্দদূষণ করায় একটি প্রতিষ্ঠানকে ৫১ হাজার টাকা এবং অবৈধভাবে টিলা কর্তন করায় একটি প্রতিষ্ঠানকে নয় লাখ টাকা জরিমানা করা হয়।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার