প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৬ ২২:৩৪
বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সুনামগঞ্জ—সিলেট সড়কের ডাবর পয়েন্টে ঢাকা থেকে সুনামগঞ্জ ছুটে আসা হানিফ পরিবহনের ধাক্কায় মোটর সাইকেল আরোহী এক রক্তসংগ্রাহকের মৃত্যু ঘটেছে। সোমবার সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে। উজ্জ্বল হোসেন (২৫) জামালগঞ্জের ছোট ঘাগটিয়া গ্রামের আতাউর রহমানের ছেলে। তিনি জামালগঞ্জ ব্লাডব্যাংকের প্রতিষ্ঠাতা ও আনসার ভিডিপির সদস্য। মানবিক নানা কাজে তিনি যুক্ত ছিলেন। রক্তক্ষরণে তার মৃত্যু ঘটেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে সিলেট যাচ্ছিলেন উজ্জ্বল হোসেন। ডাবর পয়েন্টে পৌঁছার পর ঢাকা থেকে ছুটে আসা হানিফ পরিবহনের একটি বেপরোয়া গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন। প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হয়। খবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত যুবকের পোস্টমর্টেমের জন্য প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
নিহতের মামাতো ভাই ও মোহনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিম আহমদ বলেন, উজ্জ্বল একজন মানবিক মানুষ ছিলো। সে জামালগঞ্জ ব্লাড ব্যাংক প্রতিষ্ঠা করে অনেক মানুষকে রক্ত সংগ্রহ করে দিয়েছে। আজ সে রক্তক্ষরণে মারা গেছে। ঢাকা থেকে ছুটে আসা হানিফ পরিবহনের বেপরোয়া বাস তার জীবন কেড়ে নিয়েছে।
শান্তিগঞ্জ থানার ওসি মো. অলিউল্লাহ বললেন, উজ্জ্বল হোসেনের মরদেহের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনায় বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত কেউ মামলা করতে আসেন নি।
উপজেলার খবর থেকে আরো পড়ুন