সুন্দর হবে কিচেন মার্কেট

প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৬ ২২:৩১

সুনামগঞ্জ পৌর শহরের নিত্যপ্রয়োজনীয় কেনাকাটার অন্যতম প্রধান কেন্দ্র কিচেন মার্কেটের নিচতলার সৌন্দর্যবর্ধন ও আধুনিকায়নের উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। তবে দীর্ঘদিনের ভোগান্তি নিরসন ও মার্কেটের পরিবেশ সুরক্ষায় অব্যবহৃত দ্বিতীয় তলাটি দ্রুত চালুর পাশাপাশি সেখানে নেশাখোরদের আড্ডা ও অসামাজিক কার্যকলাপ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন তারা।


সোমবার সকালে কিচেন মার্কেট ঘুরে দেখা যায়, নিচতলায় স্থান সংকুলান না হওয়ায় অনেক মাছ ও সবজি ব্যবসায়ী যত্রতত্র বসে ব্যবসা পরিচালনা করছেন। অন্যদিকে, মার্কেটের ভেতরে অনিয়ন্ত্রিত কেনাকাটা ও বাইরে অপরিকল্পিত যান পার্কিংয়ের কারণে পরিবেশ নষ্ট হচ্ছে।

 

 


মার্কেটের দ্বিতীয় তলায় গিয়ে দেখা যায় অবহেলার চিত্র। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত থাকায় গলিগুলোতে দুর্গন্ধ ও ময়লা—আবর্জনার স্তূপ জমে রয়েছে। অনেক দোকানকোঠা তালাবদ্ধ আবার কয়েকটিতে মালামাল ফেলে রাখা হয়েছে। ব্যবসায়ীদের অভিযোগ, রাতের আঁধারে এবং দিনের বিভিন্ন সময়ে জনশূন্য এই দ্বিতীয় তলায় মাদকসেবীদের আড্ডা বসে। মদ, গাঁজা ও হিরোইন সেবনের পাশাপাশি সেখানে নানা অসামাজিক কার্যকলাপ চলে, যা পুরো বাজারের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। এমনকি প্রায়ই মার্কেটে চুরির ঘটনা ঘটছে বলেও জানান কেনাকাটা করতে আসা গ্রাহকেরা।

বাজারের সবজি ব্যবসায়ী সেলিম মিয়া বলেন, নিচতলার আধুনিকায়নের কাজ শুরু হতে চলায় আমরা আনন্দিত। কিন্তু আমাদের জোর দাবি, দ্বিতীয় তলার মাদকসেবীদের আড্ডা ও অসামাজিক কাজ অবিলম্বে বন্ধ করতে হবে এবং দোতলাটি দ্রুত ব্যবসার জন্য উন্মুক্ত করতে হবে।

 


মৎস্য সমবায় সমিতির সভাপতি জিল্লুর রহমান বলেন, প্রতিদিন নারী—পুরুষসহ শহরের বিভিন্ন পেশার মানুষ এখানে কেনাকাটা করতে আসেন। কিন্তু বর্তমান পরিবেশের কারণে বাজারের সৌন্দর্য ও সুনাম নষ্ট হচ্ছে। দ্বিতীয় তলার সমস্যা নিয়ে আমরা পৌর কর্তৃপক্ষকে বারবার জানিয়েছি। সম্প্রতি স্থানীয় সংসদ সদস্য মার্কেট পরিদর্শন করে এটি সুন্দর করার নির্দেশনা দিয়েছেন। আমরা চাই, নিচতলার কাজের পাশাপাশি দ্বিতীয় তলা চালুর কাজও যেন একসাথে শুরু হয়।

 


কেনাকাটা করতে আসা মেহেদী হাসান বলেন, শহরের একমাত্র কিচেন মার্কেটের শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে। মাছ ও সবজি বাজার এলোমেলো, সামনে গাড়ি পার্কিংয়েরও কোনো নিয়ম নেই। এর ওপর দোতলায় মাদকসেবীদের অসৌজন্যমূলক আচরণে সাধারণ ক্রেতারা অস্বস্তিতে পড়েন। এসব অনিয়ম অবিলম্বে বন্ধ হওয়া দরকার।
সংশ্লিষ্টদের মতে, সৌন্দর্যবর্ধনের পাশাপাশি দ্বিতীয় তলাটি দ্রুত চালু করা গেলে একদিকে যেমন ব্যবসায়ীদের স্থান সংকট দূর হবে এবং বাজারের পরিসর বাড়বে, অন্যদিকে অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ হয়ে সাধারণ মানুষের কেনাকাটার নিরাপদ পরিবেশ তৈরি হবে।

 


ব্যবসায়ীদের দাবির বিষয়ে সুনামগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালি কৃষ্ণ পাল জানান, স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নির্দেশনায় ইতোমধ্যে নিচতলার উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে।

 


তিনি বলেন, শিগগিরই মার্কেটের পেছনের অংশে টাইলস স্থাপন ও পার্কিং ব্যবস্থার উন্নয়নসহ সৌন্দর্যবর্ধনের কাজ শুরু হবে। এই ধাপ শেষ হলেই দ্বিতীয় তলায় দোকান বরাদ্দ ও মার্কেট চালুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ২২ লাখ টাকা ব্যয়ে কিচেন মার্কেটের ফ্লোর ও প্লেট নেট নির্মাণ করা হবে এবং ড্রেন সচল করা হবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার