প্রকাশিত: ০৬ জানুয়ারি, ২০২৬ ১৯:৫৩
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) রসায়ন বিভাগের উদ্যোগে প্রথমবারের মতো একটি ব্যতিক্রমধর্মী Humanitarian-Righteous-Altruistic (HRA) Student Award 2025 পুরষ্কার প্রদান করা হয়। শিক্ষার্থীদের মানবিক কাজে উৎসাহ প্রদানের জন্য এই ব্যতিক্রমী পুরষ্কার চালু করা হয়েছে।
শুক্রবার (৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এই পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পুরষ্কারের জন্য আবেদনকারীদের মাঝে বিজয়ী সম্মাননা অর্জন করেন রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী বদরুল আমিন ইমন। শাবিপ্রবির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম তার হাতে এই পুরষ্কার তুলে দেন। এর পাশাপাশি সকল আবেদনকারীকে উৎসাহ প্রদানের লক্ষ্যে বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।
রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবুল হাসনাত বলেন, এই উদ্যোগের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের মাঝে একটি সুস্পষ্ট বার্তা পৌঁছে দেওয়া- কেবল পুঁথিগত বিদ্যা বা একাডেমিক কৃতিত্বই যথেষ্ট নয়, বরং একজন ভালো মানুষ হওয়াও সমান গুরুত্বপূর্ণ। জ্ঞানচর্চার পাশাপাশি মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা ও নৈতিকতা গড়ে তোলাই এই অ্যাওয়ার্ডের প্রধান দর্শন। পড়াশোনার পাশাপাশি যেসব শিক্ষার্থী বৃক্ষরোপণ, বন্যার্তদের সহায়তা, তহবিল সংগ্রহ, জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশ পরিচ্ছন্নতা কিংবা অন্যান্য সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত, তাদের এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়। তাদের নিঃস্বার্থ অবদান ও সমাজের প্রতি দায়িত্ববোধ এই অ্যাওয়ার্ডের মাধ্যমে আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করে।
উল্লেখ্য, একই দিনে অনুষ্ঠিত বিএএস সায়েন্স অলিম্পিয়াডে অংশগ্রহণকারী মেধাবী স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের উপস্থিতিতে HRA Student Award ২০২৫ প্রদান করা হয়। ফলশ্রুতিতে অনুষ্ঠানটি বিজ্ঞান ও মানবিকতার এক অনন্য মেলবন্ধনে পরিণত হয়। এটি তরুণ শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার একটি শক্তিশালী বার্তা বহন করে ভবিষ্যতের বিজ্ঞানী, গবেষক কিংবা পেশাজীবী হওয়ার পাশাপাশি মানবিক ও দায়িত্বশীল নাগরিক হয়ে ওঠাও সমানভাবে গুরুত্বপূর্ণ।
সিলেট থেকে আরো পড়ুন